চার বছর পর ফিরছে “মন্টু পাইলট” ! চোখে কাজল হাতে ব’ন্দুক, সৌরভ দাসের জন্মদিনেই প্রকাশ্যে নতুন সিজনের প্রথম ঝলক!

চার বছর অপেক্ষার পর আবার ফিরছে দর্শকের প্রিয় মন্টু পাইলট। ২০১৯ সালে প্রথমবার পর্দায় আসে এই চরিত্র, যা অল্প সময়েই আলাদা জায়গা করে নেয় দর্শকের মনে। দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ সময়, বদলে গিয়েছে সময়ের হিসেব, বদলে গিয়েছেন চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোও। এই আট বছরে পরিণত হয়েছেন পর্দার মন্টু অর্থাৎ অভিনেতা সৌরভ দাস। ঠিক সেই কারণেই নতুন সিজনে মন্টু পাইলটকে দেখা যাবে আরও গভীর আরও পরিণত এক রূপে। সৌরভের জন্মদিন ২১ জানুয়ারিতে প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রথম ঝলক, যা ইতিমধ্যেই উত্তেজনা বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

প্রকাশ্যে আসা লুকে চোখে কাজল আর হাতে বন্দুক নিয়ে একেবারে চেনা অথচ বদলে যাওয়া মন্টু পাইলট। প্রথম সিজন থেকেই এই রুক্ষ লুক দর্শকের মনে দাগ কেটেছিল। নতুন সিজনেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, তবে চরিত্রের চোখেমুখে ধরা পড়ছে অভিজ্ঞতার ছাপ। সৌরভের সঙ্গে আবারও দেখা যাবে শোলাঙ্কি রায় এবং চান্দ্রেয়ী ঘোষকে। প্রথম সিজনে তাঁদের উপস্থিতি গল্পকে অন্য মাত্রা দিয়েছিল, আর নতুন কাহিনিতেও তাঁদের চরিত্র ঘিরে থাকছে একাধিক চমক।

শোলাঙ্কি রায়ের চরিত্র ভ্রমরকে আগের সিজনে মিস করেছিলেন অনেক দর্শক। এবার আবার তাঁর প্রত্যাবর্তন নতুন উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে চান্দ্রেয়ী ঘোষের বিবিজান চরিত্রের প্রভাব এখনও অটুট। তাঁর একচ্ছত্র শাসন এবং শক্তিশালী উপস্থিতি গল্পে নতুন মোড় আনবে বলেই মনে করছেন অনুরাগীরা। দুই অভিনেত্রীর লুকেও এসেছে পরিবর্তন, যা থেকেই বোঝা যাচ্ছে গল্প এবার আরও গাঢ় এবং জটিল হতে চলেছে।

এই সিজনে আরও একটি বড় চমক হল অভিনেত্রী পার্নো মিত্রের সংযোজন। যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে, তবে প্রকাশ্যে আসা লুক অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি খলনায়ক হিসেবে দেখা যাবে পরিচালক ও অভিনেতা কিউকে। এই সিরিজে তাঁর চরিত্রের নাম জাহাঙ্গীর, যার উপস্থিতি মন্টুর জীবনে বড় ঝড় তুলতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। নতুন চরিত্রদের আগমনে গল্পের সংঘাত আরও তীব্র হবে বলেই আশা।

আরও পড়ুনঃ ‘আমরা তো মুসলিম নই, কি করে উনি একজন…’ বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটদুনিয়া! হিরণের দ্বিতীয় বিয়ে ঘিরে ক্ষুব্ধ অনিন্দিতা চট্টোপাধ্যায়!

সৌরভ দাসের জন্মদিনে নতুন সিজনের সমস্ত চরিত্রের লুক প্রকাশ্যে আসায় উচ্ছ্বসিত ভক্তরা। অনুমান করা হচ্ছে চলতি বছরের দোলযাত্রার সময়েই মুক্তি পেতে পারে মন্টু পাইলট ৩। পুরনো চরিত্রের আবেগ আর নতুন চমকের মেলবন্ধনে এই সিজন যে দর্শকদের আবারও আটকে রাখবে তা বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা মুক্তির দিনের।

Back to top button