ফের পর্দায় ‘ফেলুদা’! দীর্ঘদিন পর একসঙ্গে স্বামী-স্ত্রী! জুটিতে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী? কবে থেকে কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ফেলুদা চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছে। এবার সেই জনপ্রিয় অভিনেতাকে নতুন অবতারে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। টলিপাড়ার সূত্রের খবর, জনপ্রিয় ওটিটি সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর তৃতীয় সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।
শুধু সব্যসাচী নন, তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তীকেও বহুদিন পর পর্দায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ অসুস্থতার পর আবার অভিনয়ে ফিরছেন তিনি। যদিও সিরিজে তাঁদের চরিত্র সম্পর্কে নির্মাতাদের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই দুই অভিজ্ঞ শিল্পীর উপস্থিতি সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
তৃতীয় সিজনেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খেয়া চ্যাটার্জি ও দেবরাজ ভট্টাচার্যকে। আদালতকেন্দ্রিক এই থ্রিলার সিরিজে আবারও সত্য উদঘাটনের লড়াইয়ে নামবেন অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। ইতিমধ্যেই সিরিজের শুটিং শুরু হওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পরিচালক জয়দীপ মুখার্জির এই সিরিজের নতুন সিজনে আরও একটি বড় আকর্ষণ হতে চলেছেন অভিনেত্রী ইশা সাহা। খবর, তাঁকে ঘিরেই আবর্তিত হবে এবারের মূল মামলা ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখকে এই সিজনে দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ ‘ছয় বছরে অনেক কেঁদেছি, আর কাঁদতে চাই না!’ ‘আমার বাবা, জ্যাঠা বা কাকা কেউই ব্রাত্য বসু নন!’ কেনো হারিয়ে গেলো মা খ্যাত ঝিলিক? টলিউডের ভেতরের সমীকরণ নিয়ে মুখ খুললেন তিথি বসু!
আগের দুই সিজনে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। তবে এবার তিনি থাকছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সিরিজের শেষ মুহূর্তের চমক সবসময়ই দর্শকদের অবাক করেছে। তাই নতুন সিজনেও কী ধরনের রহস্য অপেক্ষা করছে, তা জানার জন্য এখন থেকেই উৎসাহ বাড়ছে দর্শকদের মধ্যে।

