‘সবচেয়ে বেশি মিস করি ওর…’ ‘ ওকে শেষ মেসেজে লিখেছিলাম, এখনও অনেকটা সময় আছে…’ কিন্তু সেই সময়টা আর এলো না অভিনেতার জীবনে! প্রয়াত রাহুলকে নিয়ে কি বললেন প্রিয়াঙ্কা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় আড়াই মাস কেটে গেলেও সেই শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজকে নিয়ে এখন নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’র প্রচারে এসে ব্যক্তিগত জীবন, পরিবার এবং রাহুলকে ঘিরে নানা স্মৃতির কথা ভাগ করে নেন তিনি। কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন বলেও জানান প্রিয়াঙ্কা।
গরমের ছুটিতে ছেলে সহজকে নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। কাজের চাপে দীর্ঘ সময়ের জন্য কলকাতার বাইরে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে এই কঠিন সময়ে সহজ যেভাবে পরিস্থিতি সামলেছে, তাতে ছেলের প্রশংসা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, সহজ এখন নিজের পছন্দের কাজ, গান, বন্ধু এবং অন্যান্য শখ নিয়ে সময় কাটাচ্ছে, আর পরিবারের সবাইও তাকে যথাসম্ভব সঙ্গ দিচ্ছেন।
প্রিয়াঙ্কা জানান, শুধু নিজের সন্তান নয়, রাহুলের পরিবারকেও তিনি আগের মতোই পাশে থাকার চেষ্টা করছেন। বিশেষ করে রাহুলের মাকে সময় দেওয়া এবং মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন পরিবারের সদস্যরা। যদিও তিনি স্বীকার করেছেন, এমন একটি ক্ষতি কখনও পুরোপুরি মেনে নেওয়া যায় না। সময়ের সঙ্গে মানুষ নিজেকে বোঝাতে শেখে, আর সেই চেষ্টাই করে চলেছেন তাঁরা।
আরও পড়ুন: ‘মমতা ব্যানার্জী ডেকেছেন, ১০০ বার যাব!’ ‘স্বামীর একটা পোস্টে সব শেষ, আমাকে সরকারি মঞ্চে উঠতে বাধা দেওয়া হলো!’ টলিউড থেকে রাজনীতি, ট্রোলারদের কটাক্ষের জবাব দিলেন সুতপা ব্যানার্জি!
রাহুলের মৃত্যুর খবর প্রথমে তাঁর মা এবং পরে সহজকে জানানো ছিল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলির একটি বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, রাহুল তাঁর জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন। কাজের প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং অন্যের কথা ভাবার শিক্ষা তিনি রাহুলের কাছ থেকেই পেয়েছেন। এখনও ফোনে রাহুলের সাজেস্ট করা কিছু সিনেমা ও সিরিজের নাম রয়ে গেছে, কিন্তু সেগুলো দেখার মানসিক প্রস্তুতি এখনও তৈরি হয়নি তাঁর।
অভিনেত্রী জানান, রাহুলের মতামত তাঁর কাছে সবসময়ই অত্যন্ত মূল্যবান ছিল। নিজের কাজের সবচেয়ে বড় সমালোচক হিসেবে তিনি রাহুলকেই দেখতেন। পাশাপাশি রাহুলের অসমাপ্ত কাজগুলো দর্শকের সামনে আসুক, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তদন্ত নিয়ে এখনই কিছু বলতে না চাইলেও সত্য সামনে আসবে বলে আশাবাদী প্রিয়াঙ্কা। আর ‘সহজ কথা’ নিয়ে ভবিষ্যতে কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে রাহুলের তৈরি করা সেই বিশেষ জায়গাটাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা যে তাঁর রয়েছে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

