ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা! দুচোখে জল নিয়ে আবেগঘন সানি-ববি! সলমন, ঐশ্বর্য, শাহরুখসহ বলিউডের তারকাদের ভিড়!

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র প্রয়াণের পর মুম্বইয়ে আয়োজিত প্রার্থনাসভায় ভিড় জমালেন ইন্ডাস্ট্রির নামী তারকারা। বৃহস্পতিবারের এই সভা ছিল সম্পূর্ণভাবে স্মরণ আর শ্রদ্ধার মুহূর্তে ভরা। পরিবারের পক্ষ থেকে আয়োজন করেছিলেন অভিনেতার দুই পুত্র সানি ও ববি দেওল। বাবাকে হারানোর বেদনা সামলেও তাঁরা অতিথিদের স্বাগত জানিয়েছেন শান্ত, সংযত ভঙ্গিতে। দু’জনের সাদা পোশাক, হাতজোড় করা অবস্থায় ভেজা চোখ—সবই যেন প্রকাশ করছিল গভীর আবেগ আর অসম্ভব বড় শূন্যতাকে।

ধর্মেন্দ্রর শেষকৃত্য হয়েছিল খুব নিভৃতভাবে, প্রায় গোটা ঘটনাই ঘটেছে আড়ালে। দীর্ঘ অসুস্থতার পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা চলছিল তাঁর। ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত হয় প্রার্থনাসভা। লনের খোলা পরিবেশে অনুষ্ঠিত এই ‘সেলিব্রেশন অফ লাইফ’ অনুষ্ঠানে রাখা হয়েছিল অভিনেতার বড় একটি ফ্রেমবন্দি ছবি, চারপাশ সাজানো ছিল সাদা ফুলে। সন্ধে ৫টা ৩০ থেকে শুরু হয়ে সভা চলে রাত পর্যন্ত।

পরিবার থেকে উপস্থিত ছিলেন সানি, ববি, করণ দেওল ও অভয় দেওল। তবে নজর কাড়ে বলিউডের অগণিত তারকার উপস্থিতি। শাহরুখ খান ও তাঁর পরিবার প্রথমাদের মধ্যে ছিলেন, যাঁরা এসে শ্রদ্ধা জানান। একে একে অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্য রাই, সলমন খান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেট্টি, আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কৌর, সোনু সুদ, অনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস–মাস্তান, অনিল শর্মা—আরও বহু পরিচিত মুখ। ধর্মেন্দ্রর প্রতি শিল্পজগতের শ্রদ্ধা আর ভালোবাসারই যেন প্রমাণ ছিল এই তারকাসমাগম।

অনুষ্ঠানের ছবিগুলো ঝড়ে মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে সানি দেওল অতিথিদের হাতে হাত রেখে অভ্যর্থনা জানাচ্ছেন, চোখেমুখে তাঁর যন্ত্রণা স্পষ্ট হলেও দৃঢ়তা বজায় রেখেছেন। পাশে দাঁড়িয়ে থাকা ববি দেওলের চোখেও ছিল দুঃখের রেখা। দু’ভাইয়ের আচরণে ফুটে উঠেছিল হাজারো স্মৃতি, বাবাকে হারানোর অপরিসীম বেদনা এবং একইসঙ্গে মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা।

আরও পড়ুনঃ ‘চোখ খুলেছিলেন, হাতও নড়ছিল, তারপর…’, শেষ মুহূর্তের চাঞ্চল্যকর দাবি পরিচালকের! মৃ’ত্যুর ঠিক আগের মুহূর্তে কি করছিলেন ধর্মেন্দ্র?

ধর্মেন্দ্র মারা গিয়েছেন ২৪ নভেম্বর, বয়স হয়েছিল ৮৯। মাত্র কয়েকদিন পর ৮ ডিসেম্বরই আসত তাঁর ৯০তম জন্মদিন। সেই আনন্দকে ঢেকে দিয়ে এসেছে গভীর শোক। কিন্তু তাঁর রেখে যাওয়া অসংখ্য স্মৃতি, কাজ আর সোনালি যুগের স্মরণে এখনো আলোয় ভরা বলিউড। প্রার্থনাসভায় উপস্থিত সবার মুখেই ছিল একটাই অনুভব—ধর্মেন্দ্র চলে গেলেও তিনি অমর হয়ে থাকবেন সিনেমার ইতিহাসে, আর অগণিত মানুষের হৃদয়ে।

Back to top button