কখনও দূরত্ব, আবার কখনও সহযাপন! খরাজের ছেলের বিয়েতে সবাইকে চমকে দিলেন সুদীপ-পৃথা! ঠিক কি ধরনের সম্পর্কে রয়েছেন তারা?

টলিপাড়ার সম্পর্ক মানেই অনিশ্চয়তার গল্পে ভরা এক রোলারকোস্টার। বিচ্ছেদ থেকে মিলন, রাগ থেকে আগল ধরা—সবই ঘটে আলো–আড়ালে। সেই তালিকায় বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তী। হঠাৎই এক সকালে পৃথার ঘোষণা যে আর একসঙ্গে থাকা সম্ভব নয়। তার পরপরই সুদীপ বললেন, সবটাই নাকি প্র্যাঙ্ক। দু’দিন যেতে না যেতেই তিনি আবার জানালেন, প্র্যাঙ্ক নয়, এটাই বাস্তব। দর্শক–ভক্তরা যখন বিভ্রান্ত, তখনই আবার পোস্টের ফাঁকে দেখা গেল তাঁদের ফের পাশাপাশি।
ঠিক সেই দৃশ্যই আরও স্পষ্ট হয়ে উঠল শুক্রবার, খরাজ মুখোপাধ্যায়ের ছেলের জন্মদিনে। অনুষ্ঠানে দু’জনকে দেখা গেল একসঙ্গে, একেবারে হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে। আড্ডা, হাসি আর সহজ সাবলীল উপস্থিতি দেখে মনে হচ্ছিল আগের কোনও তিক্ততার চিহ্ন নেই। যেন সব অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি ধীরে ধীরে মিলিয়ে গেছে নতুন করে ফেরার ইচ্ছের কাছে।
ঘনিষ্ঠ সূত্র বলছে, দুই সন্তানের প্রতি দায়িত্ব আর মায়াই নাকি তাঁদের আবার কাছাকাছি এনেছে। একসঙ্গে বহু ঝড়ঝাপটা পার করা একটি পরিবারকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টাই তাঁদের সিদ্ধান্তকে নরম করেছে। তাই আবারও তাঁরা সময় নিতে চাইছেন, সম্পর্কটিকে আরেকবার গুছিয়ে দেখার জন্য। সন্তানদের মুখ ভেবেই দুজনেই নাকি নতুন করে একসঙ্গে পথ চলার সিদ্ধান্তে ঝুঁকেছেন।
এর আগে বিচ্ছেদ প্রসঙ্গে সুদীপ জানিয়েছিলেন তাঁদের পথ আলাদা হলেও সম্মান ও বন্ধুত্ব অটুট। সোশ্যাল মিডিয়ায় অযথা অপমানের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, পৃথা তাঁর সন্তানদের মা, তাই তাঁকে নিয়ে কোনও রকম অসম্মান তিনি বরদাস্ত করবেন না। সবটাই ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন অভিনেতা, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।
আরও পড়ুনঃ জীতুর জীবনে নতুন চমক! ‘প্রিয়’র সঙ্গে ডেটিং, সংসার নিয়েও অনেক কথা হল’- অভিনেতার পোস্টে জল্পনা তুঙ্গে! নবনীতার পর এবার কার সঙ্গে পথ চলার স্বপ্ন দেখছেন অভিনেতা?
পৃথাও একই সুরে জানিয়েছিলেন যে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব থাকবে সারাজীবন। শুক্রবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় মনে হল সেই বন্ধুত্বই হয়তো আবার গেঁথে দিচ্ছে সম্পর্কের সুতো। অনুষ্ঠানের আবহে দু’জনের উপস্থিতি দেখে অনেকেই মনে মনে হয়তো গেয়ে উঠেছিলেন জনপ্রিয় সেই লাইন—ইয়ে রিশতা ক্যা কেহলতা হ্যায়।

