অগ্নিগর্ভ দুবাইয়ে নয়া মোড়! ছেলেকে নিয়ে কি অবস্থায় রয়েছেন শুভশ্রী? ‘এখনও সরকারি সহায়তা…’- অবস্থা বেগতিক বুঝে কি বললেন রাজ?

ছেলে ইউভানের স্কুলে ছুটি পড়তেই একটু সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সেই ভাবনা থেকেই দুবাইয়ে উড়ে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু আনন্দভ্রমণ যে এত দ্রুত উদ্বেগে বদলে যাবে, তা হয়তো কল্পনাও করেননি। শনিবারই দুবাইয়ে পৌঁছন মা ও ছেলে। আর ঠিক সেই সময় থেকেই সেখানে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। শহরের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে, জারি হয় সতর্কতা। ফলে বেড়াতে গিয়ে কার্যত হোটেলের মধ্যেই আটকে পড়েছেন শুভশ্রী ও ছোট্ট ইউভান।
এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তিনি জানান, পাম জুমেইরায় একটি হোটেলে উঠেছেন শুভশ্রীরা। হোটেলের অদূরেই বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অকারণে বাইরে বেরোতে নিষেধ। রাজের কথায়, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হচ্ছে, বিশেষ করে সঙ্গে ছোট্ট ইউভান থাকায় উদ্বেগ আরও বেশি। তবে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং আপাতত তাঁরা নিরাপদেই আছেন বলেই জানা গিয়েছে।
এই ঘটনার জেরে গোটা অঞ্চলে আতঙ্কের আবহ। জানা গিয়েছে, শনিবার ইরানের তরফে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি ও দুবাইসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হয়েছে। এর প্রভাব পড়েছে সৌদি আরবের রিয়াধ ও কাতারের দোহাতেও। আন্তর্জাতিক পরিস্থিতির এই টানাপোড়েনের মধ্যেই বহু পর্যটক কার্যত আটকে পড়েছেন। তাঁদের মধ্যেই রয়েছেন শুভশ্রী। আপাতত হোটেলের নিরাপদ পরিবেশেই সময় কাটছে মা ও ছেলের।
কলকাতায় বসে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন রাজ। তিনি বর্তমানে কন্যা ইয়ালিনিকে সামলাচ্ছেন। সরকারি সহায়তা চাওয়া হয়েছে কি না জানতে চাইলে রাজ জানান, এখনও পর্যন্ত তেমন কিছু ভাবা হয়নি। তাঁদের আশা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং শুভশ্রী ও ইউভান নিরাপদে দেশে ফিরতে পারবেন। যদিও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন পরিবার ও ঘনিষ্ঠরা।
উল্লেখযোগ্য বিষয়, শুভশ্রী ছাড়াও এই অস্থির পরিস্থিতিতে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং ভারতের বাস্কেটবল দলসহ বহু ভারতীয় নাগরিক। দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন অনেকে। আনন্দভ্রমণ মুহূর্তে কীভাবে অনিশ্চয়তায় পরিণত হতে পারে, দুবাইয়ের এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ হয়ে রইল।

