মাথা থেকে সরে গেছে ভরসার হাত! বাবাকে হারানোর এক বছর পার! স্মৃতির আবেগে ভাসলেন রাইমা!

বাবাকে ছাড়া কেটে গেল পুরো এক বছর। সময় যতই এগিয়ে যাক, বাবাকে হারানোর শূন্যতা ততই গভীর হয়—এ কথা নিজের মন থেকে বললেন রাইমা সেন। আজ থেকে ঠিক এক বছর আগে তিনি চিরতরে হারিয়েছিলেন তাঁর বাবা কে ভরতকে। সেই দিনের স্মৃতি আজও যেন তাজা। বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলি মনে পড়লে আজও আবেগে ভেসে ওঠেন অভিনেত্রী। তাই বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে একটি পুরনো ছবি শেয়ার করে জানালেন তাঁর মনের সব অনুভূতি।

ছবিতে রাইমা এবং তাঁর বাবাকে দেখা যাচ্ছে হাসিমুখে, দু’জনের পরনেই কালো পোশাক। সেই হাসির মাঝেই এখন লুকিয়ে আছে অজস্র স্মৃতি, অগণিত অভাব। রাইমা লিখলেন, বাবাকে হারিয়ে এক বছর কেটে গেলেও তিনি অনুভব করেন, বাবা যেন তাঁর চারপাশে রয়েই গেছেন। হৃদয়ের গভীরে তিনি আছেন, পথ দেখাচ্ছেন, সঙ্গ দিচ্ছেন। তাঁর কথায়, বাবা ছিলেন শুধু বাবা নন, ছিলেন জীবনের সেরা বন্ধু। তাই তাঁর উপস্থিতি আজও রাইমার মনে অবিচ্ছিন্ন।

গত বছর বাবার মৃত্যুর সময় রাইমা কলকাতায় ছিলেন না। সেই কঠিন মুহূর্তে সমস্ত ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে বোন রিয়া ও মুনমুনের সঙ্গে মিলেই বাবার শেষকৃত্য সম্পন্ন করেন রাইমা। বাবার চলে যাওয়ার খবর যেন এক মুহূর্তে ভেঙে দিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সাদা কালো ছবি পোস্ট করে নিজের যন্ত্রণার কথা জানিয়েছিলেন তিনি। বহুদিন অবধি মানসিকভাবে সামলে উঠতে পারেননি।

কিন্তু সময় ধীরে ধীরে মানুষকে শক্ত করে তোলে। এক বছর পর রাইমা স্বীকার করলেন, বাবা নেই—এ সত্যি হয়তো মানতে হয়েছে তাঁকে, কিন্তু বাবার অস্তিত্ব তাঁর জীবনের প্রতিটি মুহূর্তেই রয়েছে। তিনি বিশ্বাস করেন, যেখানেই থাকুন না কেন, বাবা তাঁদের দেখছেন, আশীর্বাদ করছেন।

আরও পড়ুনঃ রহস্যে ভরপুর ২০২৫ এর বড় দিন! আসছে ‘একটি খু’নির সন্ধানে মিতিন’! উত্তেজনায় ভরপুর টলি কুইন!

শেষে রাইমার কথায় ফুটে উঠেছে অগাধ ভালোবাসা, “তুমি ছিলে সেরা বাবা। আমরা গর্বিত তোমাকে নিয়ে। তোমাকে চিরদিন ভালোবাসবো।” বাবার প্রতি এই অমলিন স্মৃতি আর ভালোবাসাই আজ তাঁকে এগিয়ে চলার শক্তি দেয়।

Back to top button