বাবাকে হারানোর দেড় মাস পর প্রথমবার প্রকাশ্যে সহজ! নিদারুন শোক সামলে উঠতেই কোথায় এলেন রাহুল-পুত্র?

চলতি বছরের ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সমুদ্রে শ্যুটের সময় জলে তলিয়ে যান তিনি। স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছিল টলিউড। শেষকৃত্যের দিন বাবাকে শেষ বিদায় জানিয়েছিল ছেলে সহজ, পাশে ছিলেন মা প্রিয়াঙ্কা সরকার।
রাহুলের মৃত্যুর প্রায় দেড় মাস পরে এবার প্রকাশ্যে দেখা গেল সহজকে। সম্প্রতি বাংলা ছবি ‘নধরের ভেলা’র সাফল্য উদযাপনের অনুষ্ঠানে হাজির ছিল সে। কেক কাটার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর ছেলে উপমন্যুকেও দেখা যায়। দীর্ঘদিন পর সহজকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরাও।
‘নধরের ভেলা’ চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া একটি প্রশংসিত বাংলা স্বাধীন ছবি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন। গল্পের কেন্দ্রে রয়েছে ‘নধর’ নামের এক ব্যক্তি, যাকে সমাজ ধীরগতির জন্য অযোগ্য বলে মনে করে। পরে একটি ভ্রাম্যমাণ সার্কাসে যোগ দেওয়ার পর তার সেই ধীরতাই হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শতাক্ষী নন্দী এবং সায়ন ঘোষ।
রাহুলের মৃত্যুর ঘটনায় পরে উঠে আসে একাধিক প্রশ্ন। জানা যায়, সমুদ্রে ড্রোন শটের শ্যুটিং চলাকালীন আচমকা বড় ঢেউ এসে অভিনেতাকে ভাসিয়ে নিয়ে যায়। সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। তাঁকে দ্রুত উদ্ধার করা গেলেও রাহুলকে তুলতে অনেকটা সময় লেগে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শ্যুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শুরু হয় বিতর্ক।
আরও পড়ুনঃ ‘এই অভিনয় জগতে অভিনয় ছাড়া আর সবকিছু হয়…’ ‘অভিনেতারা অভিনয় ছাড়া এত কথা বলে কেন?’ ‘কোন ইন্ডাস্ট্রিতে অভিনেতারা এত পলিটিক্যালি অ্যাক্টিভ?’ ইন্ডাস্ট্রির রাজনীতি চর্চা নিয়ে বিস্ফোরক সৌরভ দাস!
রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল বহু বছরের। ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে এবং ছেলে সহজকে নিয়ে তাঁদের পরিবার গড়ে ওঠে। মাঝেমধ্যে সম্পর্কে দূরত্ব এলেও পরে সব ঠিক হয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি ও সহজ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। কঠিন সময়ের সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে শিখছে তাঁদের ছেলে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

