‘সিরিয়ালে কাজ করবো বলে আসেনি কিন্তু যখন…’ ‘গানের ওপারে’ই বদলে দিয়েছিল জীবন! কেন এই ধারাবাহিকটিকে না বলতে পারেননি অভিনেত্রী? জানালেন বাসবদত্তা চট্টোপাধ্যায়!

বাসবদত্তা চট্টোপাধ্যায় বড় পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করলেও তাঁর অভিনয় জীবনের শুরু হয়েছিল টেলিভিশনের মাধ্যমে। তবে প্রথম থেকেই ধারাবাহিকে কাজ করার পরিকল্পনা ছিল না তাঁর। সম্প্রতি অনিলাভ চট্টোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘গানের ওপারে’ ধারাবাহিকের প্রস্তাব পাওয়ার পর সেই সুযোগ ফিরিয়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি।
অভিনেত্রীর কথায়, সব ধারাবাহিক একরকম নয় এবং ‘গানের ওপারে’ ছিল সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও ভাবনার প্রতি তাঁর গভীর ভালোবাসাই এই প্রজেক্টে কাজ করার অন্যতম বড় কারণ ছিল। সেই টান থেকেই তিনি ধারাবাহিকটিতে অভিনয় করতে রাজি হন।
‘গানের ওপারে’ সম্প্রচারের পর বাসবদত্তা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। আজও অনেকেই তাঁকে সেই ধারাবাহিকের ‘দামিনী’ চরিত্রের নামেই মনে রাখেন। পরে আরও বহু সিরিয়ালে অভিনয় করলেও তাঁর মতে, ‘গানের ওপারে’র মতো বিশেষ কাজ দ্বিতীয়বার আর হয়নি।
আরও পড়ুন: ‘টলিউডে নেপোটিজম নয়, চলছে চরম ফেভারিটিজম!’ ‘১০-১৫ জনেই সীমাবদ্ধ টলিউড!’ ‘দেড় বছর ধরে শিল্পীদের কাজ বন্ধ থাকে কীভাবে?’ টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব দেবযানী চট্টোপাধ্যায়!
এই ধারাবাহিকের আরেকটি বড় আকর্ষণ ছিল এর চিত্রনাট্য, যা লিখেছিলেন ঋতুপর্ণ ঘোষ। পাশাপাশি বিশাল তারকা সমাবেশও নজর কেড়েছিল দর্শকদের। সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, মিমি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, সৃজিত মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায়, অনুরাধা রায়সহ বহু পরিচিত শিল্পী এতে অভিনয় করেছিলেন।
শুধু ‘গানের ওপারে’ নয়, বাসবদত্তা চট্টোপাধ্যায় ‘বয়েই গেল’, ‘নেতাজি’ এবং ‘কার কাছে কই মনের কথা’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন বাংলা সিনেমাতেও তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বেলা’ ছবিতে তাঁকে শেষবার দেখা যায়, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

