১১ বছরের প্রেমের পরিণতি! সাতপাকে বাঁধা পড়লেন ‘পরিণীতা’র সুমেধা ওরফে প্রিয়াঞ্জলি! শুভ কামনায় ভরিয়ে দিলেন দর্শক!

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল পরিণীতা ইতিমধ্যেই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। রায়ান আর পারুলের গল্পের মতোই নজর কেড়েছে সিরিয়ালের অন্য চরিত্ররাও। তাঁদেরই মধ্যে একজন ছিলেন পারুলের সবচেয়ে কাছের বন্ধু সুমেধা, অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঞ্জলি দাস। সিরিয়ালে তাঁর ট্র্যাক শেষ হলেও, বাস্তবে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তিনি। দীর্ঘ ১১ বছরের প্রেম এবার পৌঁছল পরিণতির পথে।
সম্প্রতি প্রেমিক শান্তনু চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন প্রিয়াঞ্জলি। কয়েক সপ্তাহ আগেই সেরে ফেলেছিলেন আইনি বিয়ে এবং বাগদান। এবার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে হলো সামাজিক রীতি মেনে বিয়ে। সিটি সিনেমার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। লাল বেনারসী, সোনার গয়না আর শাঁখা-পলা পরে নববধূর সাজে দারুণ লাগছিল প্রিয়াঞ্জলিকে। মাথায় ভেল, ফুলের সাজ আর টানা নাকে নথ— পুরো সাজ ছিল রাজকীয়।
বর শান্তনুও ছিলেন রং মিলিয়ে লালে। ঘিয়ে রঙের ধুতি ও ওড়নার সঙ্গে লাল পাঞ্জাবি পরেছিলেন তিনি। ফুলের চাদোয়ার নিচে পান মুখে রেখে দুজনের শুভদৃষ্টি মুহূর্ত ছিল নিখাদ আবেগে ভরা। এরপর মালাবদল ও সিঁদুরদানসহ সব রীতি সুন্দরভাবে পালিত হয়। বিয়ের বিশেষ রীতি হিসেবে শান্তনু নববধূকে কোলে তুলে পুকুর পার করেন এবং পরে দুজনে আংটি খেলার মজাও উপভোগ করেন।
প্রিয়াঞ্জলি জানিয়েছেন তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পরিচয় দিয়ে। তবে শুরু থেকেই তিনি ছিলেন স্পষ্ট এবং সিরিয়াস। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, “আমি প্রথমেই বলেছিলাম সম্পর্ক মানেই কমিটমেন্ট। যদি বিয়ে করো, তবেই আমি আছি।” সেই কথার মর্যাদা রেখেই দীর্ঘ সময়ের প্রেম অবশেষে পেল একটি সুন্দর নাম।
আরও পড়ুনঃ ‘সারাবছর ডাল ভাত, ওই একটা দিনই পাতে জুটতো ডিম…’- অল্পেই সন্তুষ্ট অভিনেত্রী! ছেলেবেলার কথা মনে পড়তেই চোখে জল রুপা গাঙ্গুলির!
এখন অভিনয়ের ব্যস্ততার মাঝে জীবনের এই সুখের সঙ্গেই নতুন পথ চলা শুরু করলেন প্রিয়াঞ্জলি এবং শান্তনু। সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে আসছে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরা বার্তা। দর্শক এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁদের নতুন গল্পের প্রথম অধ্যায়।

