জল্পনার অবসান! সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো! ভাঙলো নীল তৃণার চুক্তির বিয়ে?

টলিউডে আবারও সম্পর্ক ভাঙার গুঞ্জন জোরাল। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা কি সত্যিই আলাদা পথে হাঁটতে চলেছেন। মঙ্গলবার সকালে খবর রটে যায় যে দুজনে নীরবে ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন। যে জুটি একসময়ে দর্শকের প্রিয় ছিল এবং ফ্যানরা যাঁদের ভালবেসে ‘তৃনীল’ নামে ডাকত, তাঁদের সোশ্যাল মিডিয়ার দূরত্ব দেখে চর্চা তুঙ্গে।
গত কয়েক বছর ধরেই তাঁদের বিবাহিত জীবন নিয়ে নানা সময়ে গুঞ্জন শোনা গিয়েছে। বছর শুরুর দিকেও শোনা যায় যে তাঁরা নাকি চুক্তিভিত্তিক বিয়ে করেছেন। যদিও তখনই সেই দাবি গুজব বলে উড়িয়ে দেন দুজনেই। কিন্তু এবার আর তেমন কোনো ব্যাখ্যা আসেনি। নীলকে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে প্রশ্ন করা হলে তিনি শান্ত স্বরে জানান যে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আগে তিনি সময় নিতে চান।
তৃণার দিক থেকেও পরিস্থিতি স্পষ্ট নয়। ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। অথচ কয়েক মাস আগেও নীলের জন্মদিনে মন ভরে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। আদুরে ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই তাঁদের একত্রে কোনো ছবি প্রকাশ্যে আসেনি। শুধু তৃণার ইনস্টাগ্রাম ওয়ালে এখনও আগের সব কপল ছবি রয়ে গেছে। কিন্তু গত কয়েক মাসে নীলের বারবার মুম্বই যাওয়া এবং আলাদা আলাদা কাজের ব্যস্ততা নিয়ে কানাঘুষো চলছিলই।
২০২১ সালের ফেব্রুয়ারিতে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন দুজনে। সেই বিয়েতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। জনপ্রিয় এই দম্পতিকে দেখে তখন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন ভক্তরা। আজ প্রায় পাঁচ বছর পর সেই সম্পর্কের সমীকরণ কি বদলে গেল। দূরত্ব কি শুধু সাময়িক নাকি সত্যিই আলাদা হওয়ার পথে নীল ও তৃণা।
আরও পড়ুনঃ প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ কি? পুরনো স্মৃতি ভুলে নতুন সংসার গড়েছেন রাজ! বিচ্ছেদ নিয়ে কি বললেন শুভশ্রী?
সমস্ত প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না। দুজনেই নীরবতায় ঢেকেছেন তাঁদের ব্যক্তিগত অধ্যায়। ভক্তরা তাই তাকিয়ে রয়েছে পরবর্তী ঘোষণার দিকে। সময়ই বলবে তৃনীল জুটির দাম্পত্যে সত্যিই কি ভাঙনের সুর, নাকি এ কেবলই ভুল বোঝাবুঝির ধোঁয়াশা।

