সকাল সকাল লালবাজারে হাজির জীতু কমল! পুলিশের ঘেরাটোপে কেন অভিনেতা?

সকালবেলা লালবাজারে চুপিচুপি প্রবেশ করলেন টলিউড অভিনেতা জীতু কমল। পুলিশ আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক! মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়— কী ঘটল হঠাৎ? গ্রেফতার? তদন্ত? নতুন কোনও বিতর্কে জড়ালেন কি অভিনেতা?

কেউ বলছেন, সরকারি কোনও কেসে ডাক পড়েছে তাঁর, কেউ আবার সন্দেহ করছেন নতুন কোনও ব্যক্তিগত সমস্যার সূত্রপাত। যখন জীতু লালবাজারে, তখনই আনন্দবাজার অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে বেরিয়ে ফোনে কথা বলেন তিনি। আর তখনই সামনে আসে পুরো ঘটনার আসল চিত্র।

আসলে, এই সফরের নেপথ্যে রয়েছে এক গর্বের মুহূর্ত। ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে জীতু কমলের অভিনীত গোয়েন্দা চরিত্র ‘অরণ্য চট্টোপাধ্যায়’ এতটাই জনপ্রিয় হয়েছে যে, সেই গল্প এবার বইয়ের মলাটে। ছবির পরিচালক দুলাল দে এবং লেখক মিলে তৈরি করেছেন সেই বই। আর তারই মোড়ক উন্মোচন করতে লালবাজারে হাজির হয়েছিলেন অভিনেতা নিজে, সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যাল।

এক ঝলকে দেখে নিলেন গোয়েন্দা দফতরের ভেতরের কিছু প্রক্রিয়াও। বই প্রকাশনা উপলক্ষে একেবারে বাস্তবের গোয়েন্দাদের মাঝেই নিজেকে খুঁজে নিলেন পর্দার গোয়েন্দা ‘অরণ্য’।

এতেই শেষ নয়, পরিচালক দুলাল দে জানিয়েছেন, খুব শিগগিরি আসতে চলেছে ছবির সিক্যুয়েল। স্ক্রিপ্ট লেখার কাজ চলছে জোরকদমে। যদিও এবারকার গল্প নিয়ে মুখ খোলেননি পরিচালক, তবে জানিয়েছেন ‘অরণ্য’কে এবার দেখা যাবে আরও বড় সামাজিক সমস্যার মোকাবিলায়। সূত্র বলছে, চরিত্রে কিছু বদল ঘটতে চলেছে, এবং এই সিক্যুয়েলে থাকছেন না রাফিয়াত রশিদ মিথিলা।

জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে জীতু বলছেন, “আমি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে বড়পর্দা, ছোটপর্দা আর বই— তিন জায়গাতেই আমার কাজ দর্শকদের ভালো লাগছে। এটা দারুণ তৃপ্তির মুহূর্ত। আর আমি এমনিতেই খুব স্টেবল মানুষ— রাগ, অবসাদ বা চাপ— কিছুতেই ভেসে যাই না।”

আরও পড়ুনঃ বস্তার মধ্যে লুকিয়ে লুকিয়ে একি দেখছে উদয়! হাত থেকে ফোন কেড়ে নিতেই লজ্জায় পড়ে গেলেন নায়ক!

অন্যদিকে, প্রথমবার কোনও বইতে নিজের ছবি দেখে উচ্ছ্বসিত ডেপুটি কমিশনার অলোক সান্যাল বললেন, “এটা সত্যিই অন্যরকম অনুভূতি। পড়ে দেখতেই হবে। আশা করি সিক্যুয়েলেও থাকব।”

তবে দিনের শুরুতে যে ‘সাসপেন্স’ তৈরি হয়েছিল, তাতে একটাই কথা— পর্দার গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায় নিজেই যেন এক বাস্তব রহস্য তৈরি করে ফেললেন, শুধুই চমক দিতে!

Back to top button