নতুন অপর্ণা শিরীন পাল! ধারাবাহিকের পর্দায় ফের নতুন জুটি! জানেন এই অভিনেত্রীর আসল পরিচয়? দিতিপ্রিয়ার জায়গায় কতটা যোগ্য এই অভিনেত্রী?

দিন কয়েক ধরেই টলিপাড়ায় তুমুল জল্পনা চলছিল—দিতিপ্রিয়া রায়ের বিদায়ের পরে কে আসছেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন অপর্ণা হয়ে। দর্শকের কৌতূহল আরও বাড়ছিল যখন একের পর এক পরিচিত টলিউড মুখের নাম সামনে আসছিল। কিন্তু শেষমেশ সমস্ত অনুমানকে ভুল প্রমাণ করে সিরিয়ালের নির্মাতারা বেছে নিলেন একেবারে নতুন এক প্রতিভাকে।
অপর্ণার চরিত্রে দেখা যাবে নবাগত শিরীন পালকে। থিয়েটারের অঙ্গনে বহুদিন ধরে কাজ করলেও টেলিভিশনের পর্দায় এটি তাঁর প্রথম বড় প্রোজেক্ট। ঝাড়গ্রামের মেয়ে শিরীন পড়াশোনা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং বহু বছর ধরে যুক্ত আছেন ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি থিয়েটার দলের সঙ্গে। মঞ্চে অভিনয়ের এই অভিজ্ঞতাই তাঁকে এনে দিয়েছে নতুন এই সুযোগ।
কাজ ও পড়াশোনার সূত্রে শিরীন অনেকদিন ধরেই কলকাতায় থাকেন। এবার তিনি সরাসরি ছোটপর্দার নায়িকা। নতুন লুক টেস্টে তাঁর রূপান্তর ইতিমধ্যেই নজর কেড়েছে। অপর্ণার চরিত্রের জন্য যা যা প্রয়োজন, তা সবটাই আয়ত্ত করেছেন তিনি। জিতুর সঙ্গে তাঁর প্রথম লুক সেটও ইতিমধ্যেই ভাইরাল। দর্শকদের মতে, একেবারে অপর্ণার মতোই লাগছে শিরীনকে।
দিতিপ্রিয়া ও জিতুর মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। এমনকি শোনা গিয়েছিল সিরিয়ালটি হয়তো বন্ধই হয়ে যাবে। এই পরিস্থিতিতে নতুন মুখের আগমন সিরিয়ালের জন্য বড় মোড় ঘোরানো সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুনঃ ‘আমাকে কেউ ইনভাইট করেনি…’- দেবের ২০ বছরের উদযাপনে অনুপস্থিত জিৎ? অভিনেতাকে ঘিরে জল্পনা তুঙ্গে!
সবকিছুর পরেও ‘চিরদিনই তুমি যে আমার’ নিজের জায়গা ধরে রেখেছে এই সপ্তাহের টিআরপি তালিকায়। এখন দেখার বিষয়, শিরীন পাল এবং জিতুর এই নতুন জুটি দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে। টলিপাড়ায় এখন এই নতুন কেমিস্ট্রিই আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শকরাও অপেক্ষা করছেন, নতুন অপর্ণা তাঁদের কতটা চমকে দেন।

