‘মা কোনদিনও একসঙ্গে এতটা…’ মঞ্চে উঠেই হঠাৎ অজ্ঞান মা! কী ঘটেছিল সেই মুহূর্তে? জানালেন পর্দার “পারুল” ওরফে ঈশানী চট্টোপাধ্যায়!

জি বাংলা পরিবার অ্যাওয়ার্ডের একটি প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় তাঁর মায়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন। কিন্তু সেই আবেগঘন মুহূর্তের পরেই মঞ্চে অজ্ঞান হয়ে পড়েন তাঁর মা। এই ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, আসলে কী হয়েছিল সেই সময়।
এক সাক্ষাৎকারে ঈশানী জানান, মায়ের হাত থেকে পুরস্কার পাওয়া তাঁর কাছে বিশেষ অনুভূতি। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। যে মা প্রথমে তাঁর অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন, সেই মায়ের হাত থেকেই পুরস্কার পাওয়া তাঁকে আরও আবেগপ্রবণ করে তোলে। তাঁর মতে, অন্য কারও হাত থেকে এই সম্মান পেলে এতটা আনন্দ পেতেন না।
তবে এই আবেগের মাঝেই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। ঈশানী জানান, তিনি চেয়েছিলেন ওই অংশটি সম্প্রচার না করা হোক, কারণ বিষয়টি খুবই ব্যক্তিগত ও আবেগের সঙ্গে জড়িত। তাঁর মা সাধারণ মানুষ, এত আলো, ক্যামেরা এবং বড় মঞ্চে একসঙ্গে এত কিছু সামলাতে গিয়ে তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন।
ঈশানী আরও বলেন, বাবার কথা উল্লেখ করতেই তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েন। আনন্দ আর কষ্ট মিলিয়ে পরিস্থিতি সামলাতে না পেরে তিনি অজ্ঞান হয়ে যান। সেই সময় ঈশানী নিজেও বুঝতে পারেননি কী হচ্ছে। মাকে ধরে রাখার চেষ্টা করলেও হঠাৎই তিনি পড়ে যান, যা দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুনঃ ‘আগে নিজে স্বাভাবিক হন, তারপর রূপচর্চার জ্ঞান দিন’ এক্সপার্ট নৃপেন্দ্র গুহর চেহারা নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনার বন্যা!
পরবর্তীতে জানা যায়, পড়ে যাওয়ার সময় দাঁতে আঘাত লাগায় তাঁর মায়ের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। সেই দৃশ্য দেখে ঈশানী ভীষণ ভয় পেয়ে যান। পরে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং তাঁর মায়ের জ্ঞান ফেরে। এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। পুরো ঘটনায় উপস্থিত সকলে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন বলেও জানান ঈশানী।

