ট্রোলের আঘাতে ছেড়েছিলেন সমাজমাধ্যম! ‘দিদির কথা শিরোধার্য’ মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের সোশ্যাল মিডিয়ায় ইমন চক্রবর্তীর!

কিছুদিন আগেই জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী জানিয়েছিলেন যে তিনি আর সমাজমাধ্যমে ব্যক্তিগতভাবে সক্রিয় থাকবেন না। তাঁর কাজের আপডেট বা অন্যান্য খবর ভবিষ্যতে তাঁর টিমের পক্ষ থেকেই অনুরাগীদের জানানো হবে বলে তিনি ঘোষণা করেছিলেন। বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় সমাজমাধ্যমে। সেই ঘটনায় গভীরভাবে আঘাত পান গায়িকা। তবে এবার তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আবার সমাজমাধ্যমে ফেরার কথা ভাবছেন।

এই বিষয়ে এক সাক্ষাৎকারে ইমন জানান, তিনি মুখ্যমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, বিষয়টি তাঁকে খুব কষ্ট দিয়েছে এবং সেই আঘাত এখনও পুরোপুরি কাটেনি। পরিবারের সদস্যদের নিয়ে অপমানজনক মন্তব্য শুনলে সেই কষ্ট আরও বেশি লাগে বলেও তিনি জানান। তবুও তিনি আশা করছেন সময়ের সঙ্গে সঙ্গে মন খারাপ কাটিয়ে উঠতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে ইমন বলেন, ব্যক্তিগতভাবে তিনি মুখ্যমন্ত্রীকে খুব শ্রদ্ধা করেন এবং একজন মানুষ হিসেবে তাঁকে ভালোবাসেন। তাই মুখ্যমন্ত্রীর পরামর্শকে তিনি গুরুত্ব দিয়েছেন। ইমনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমাজমাধ্যম ছেড়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই কারণেই তিনি আবার সক্রিয় হওয়ার কথা ভাবছেন এবং খুব শীঘ্রই সমাজমাধ্যমে ফিরতে পারেন।

এই প্রসঙ্গেই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইমনকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেন, গায়িকাকে খুব খারাপভাবে ট্রোল করা হয়েছে। একই অনুষ্ঠানে আরও কয়েকজন শিল্পী ও সাহিত্যিকও বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন, কিন্তু শুধুমাত্র ইমনকে ঘিরেই এমন মন্তব্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর মতে, কিছু অসামাজিক মানুষের কারণে কাউকে সমাজমাধ্যম ছেড়ে দেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ সংযুক্তার পর্দাফাঁ’স! পুলিশের ভরসা ছেড়ে নিজেই আসরে পারুল! টার্গেট এবার লন্ডনের ইয়র্কশায়ার! দুর্ধর্ষ আজকের পর্ব

ঘটনার সূত্রপাত ২৬ ফেব্রুয়ারির একটি পোস্ট থেকে। সেই দিনটি ছিল ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী। প্রতিবছরের মতো সেদিনও তিনি সমাজমাধ্যমে মাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। কিন্তু সেই পোস্টের মন্তব্যে এক ব্যক্তি অপমানজনক কথা লেখেন। এরপর ইমন লাইভে এসে বিষয়টি নিয়ে নিজের কষ্টের কথা জানান। লাইভের শেষে তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে তাঁর টিমই সমাজমাধ্যমে কাজ সংক্রান্ত পোস্ট করবে এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে দূরে থাকবেন।

Back to top button