‘দম বন্ধ হয়ে আসছে…’ হাসপাতালের বিছানাতেই আবার কি ঘটালেন গায়িকা দেবলীনা নন্দী?

গত কয়েকদিন আগেও যাঁর সুরেলা কণ্ঠ, হাসিমুখ আর রোজকার ভ্লগে ভর করে নেটপাড়া মাতছিল, সেই দেবলীনা নন্দীর জীবন এখন অন্যরকম এক বাস্তবতায়। হাসি আর গান ঢেকে দিয়েছে গভীর যন্ত্রণা। আত্মহত্যার চেষ্টা করার পর প্রাণে বাঁচলেও তাঁর মনে শান্তি ফেরেনি। হাসপাতালের বিছানায় শুয়েই ফের সোশ্যাল মিডিয়া লাইভে এলেন দেবলীনা। ভাঙা কণ্ঠে বারবার উঠে এল একটাই কথা, তাঁর দম বন্ধ হয়ে আসছে। সেই লাইভ মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
শনিবার সকালে লাইভে এসে দেবলীনা নিজের মনের কথা উজাড় করে দেন। তিনি বলেন, যে পথ তিনি বেছে নিয়েছিলেন, আজ বুঝতে পারছেন সেটি ভুল ছিল। তবে সেই ভুলের পেছনে ছিল নিখাদ ভালোবাসা। একদিকে মা, অন্যদিকে ভালোবেসে বিয়ে করা স্বামী, এই দুই টানের মাঝখানে পড়ে তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিলেন। এখন একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন বলেও জানান। একইসঙ্গে অনুরোধ করেন, যেন কেউ নোংরা ট্রোল করে তাঁর মানসিক অবস্থাকে আরও দুর্বল না করে।
লাইভে দেবলীনার কণ্ঠে ধরা পড়ে তীব্র যন্ত্রণা আর অসহায়তা। তিনি বলেন, সেদিন ভেবেছিলেন সেটাই তাঁর জীবনের শেষ দিন হতে চলেছে। কিন্তু ঈশ্বর তাঁকে বাঁচিয়ে দিয়েছেন। তাই এখন একটাই অনুরোধ, তাঁকে যেন একটু শান্তিতে বাঁচতে দেওয়া হয়। নিজের ভালোবাসার মানুষ আর সংসার হারানোর আশঙ্কা তাঁর কাছে মৃত্যুর সমান কষ্টের। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানান, মানুষের বিষাক্ত কথাবার্তা তাঁকে নতুন করে ভেঙে দিচ্ছে।
অনেকের প্রশ্নের জবাবও দেন দেবলীনা। অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে কীভাবে ভিডিও করা সম্ভব, সেই নিয়েও কথা বলেন তিনি। জানান, ঘটনার দুদিন পর যখন পরিচিতরা দেখতে এসেছিলেন, তখনই ভিডিওগুলো করা হয়েছিল। আরও ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি। কিছু মানুষ প্রকাশ্যে চাইছেন তিনি মরে যান, এমন মন্তব্যও করছেন। এতে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে স্বীকার করেন।
আরও পড়ুনঃ ‘আমি আর মা আ’ত্মহ’ত্যা করবো ভেবেছিলাম’, জীবনের অন্ধকার অধ্যায় মেলে ধরলেন ঐন্দ্রিলা সেন! কোন কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি?
শেষে দেবলীনা জানিয়ে দেন, এটিই তাঁর প্রথম এবং শেষ বক্তব্য। চাইলে আইনি পদক্ষেপ নেওয়া যেত, কিন্তু সেই শক্তি তাঁর আর নেই। তাই পূর্ণাঙ্গ বিবৃতি হিসেবেই এই ভিডিওটি প্রকাশ করেছেন তিনি। বিয়ে মানে নিজের পরিবার ছেড়ে দেওয়া নয়, সেই কথাও স্পষ্ট করে বলেন। এতদিন ক্যামেরার সামনে শুধু হাসি আর ভালো দিকই দেখিয়েছেন, নিজের কষ্ট আড়াল করেছেন। তবে প্রয়োজন হলে এবার তিনি সত্যটা প্রমাণসহ সঠিক জায়গায় তুলে ধরবেন, এমন বার্তাই দিয়ে লাইভ শেষ করেন দেবলীনা।

