মুখ্যমন্ত্রীর দেওয়া সম্মানে আবেগপ্রবণ চন্দন সেন! পুরস্কারের সব টাকা অবলীলায় দান করে গড়লেন মানবিকতার নজির!

টলিউডে আবার আলোচনার কেন্দ্রে অভিনেতা চন্দন সেন। সম্প্রতি টেলিসম্মান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন তিনি। পুরস্কার হিসেবে পাওয়া এক লক্ষ টাকা নিজের কাছে না রেখে সমাজের কল্যাণে দান করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্মানিত হতে পেরে কৃতজ্ঞ প্রকাশ করেছেন অভিনেতা। আনন্দবাজার ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি হাসিমুখে বলেন, মুখ্যমন্ত্রী আমাকে সম্মান করেছেন বলেই মানুষকে ফিরিয়ে দেওয়ার এই সুযোগ পেলাম। তাঁর কথায়, শিল্পী হিসেবে মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় পুরস্কার।

চন্দন যে সংস্থাগুলিকে অর্থ দিয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সংক্রামক রোগ প্রতিরোধে কাজ করা একটি সংস্থা এবং আরও একটি সমাজসেবামূলক সংগঠন। পাশাপাশি, সাম্প্রতিক আরজি কর-কাণ্ডে যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন তাঁদের আন্দোলন মঞ্চেও দেওয়া হয়েছে পুরস্কারের একটি অংশ। টলিউডে অনেকেই যেখানে রাজনৈতিক অবস্থান নেওয়ার ভয় পান, সেখানে চন্দনের এই সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।

আরজি কর-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে চন্দন মৃদু হেসে বলেন, তিনি বহুদিন ধরেই সড়কে নেমে প্রতিবাদ জানিয়েছেন। সেই কারণে সরকারি হলগুলোতে তাঁর নাট্যদল ‘অশোকনগর নাট্য আনন’-এর নাটক মঞ্চস্থ করা অনেক সময়ই সম্ভব হয়নি। তিনি জানান, রাজনীতির অবস্থান তাঁর বিরুদ্ধেও গিয়েছে, তবুও তাঁকে সরকারি সম্মান দেওয়া হয়েছে। হয়তো এত কিছুর পরেও তাঁকে যোগ্য মনে করেছেন মুখ্যমন্ত্রী।

চন্দন নিজেও ক্যানসারের সঙ্গে লড়ছেন দীর্ঘদিন ধরে। চলছে ব্যয়বহুল চিকিৎসা। একই সঙ্গে তাঁর নাট্যদলেরও আর্থিক সঙ্কট রয়েছে। কিন্তু ব্যক্তিগত প্রয়োজন থাকা সত্ত্বেও পুরস্কারের অর্থ সমাজকল্যাণে ব্যয় করলেন তিনি। কারণ হিসেবে জানালেন, এই অর্থ সরকারি। অর্থাৎ এটার উৎস মানুষ। তাঁর চিকিৎসায়ও বহু মানুষ সাহায্য করেছেন। তাই সমাজের প্রতি নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।

আরও পড়ুনঃ ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি?’- মানালির মন্তব্যে নতুন ঝড়! দিতিপ্রিয়াকে ঠেস দিয়েই কি এমন মন্তব্য?

শেষে চন্দনের সোজাসাপ্টা মন্তব্য, শিল্পীর সব থেকে বড় পরিচয় তার মানবিকতা। পুরস্কার তাঁর কাছে মানে শুধু একটি ট্রফি নয়, বরং মানুষের জন্য কিছু করার সুযোগ। আর সেই দায়িত্বই পালন করলেন ‘মানিকবাবু’ — নিঃশব্দে, সৎভাবে, ভীড়ে ঠাসা শিল্পী সমাজে এক ব্যতিক্রমী মুখ হয়ে।

Back to top button