‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি?’- মানালির মন্তব্যে নতুন ঝড়! দিতিপ্রিয়াকে ঠেস দিয়েই কি এমন মন্তব্য?

টলিপাড়ায় এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এবং তার দুই মুখ্য অভিনেতা জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের অশান্তি। হাসপাতাল থেকে ফিরে শুটিংয়ে যোগ দেওয়ার পরেও সমঝোতার বদলে বিতর্ক যেন আরও গভীর হয়েছে। শোনা যাচ্ছে দিতিপ্রিয়া আবারও জিতুর বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরেছেন। ফলে ধারাবাহিকের ইউনিট, প্রযোজনা সংস্থা থেকে শুরু করে দর্শকদের মাথায় প্রশ্ন—এবার কি বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই শো?
এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে অভিনেত্রী মানালি দে এর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। “স্টোরি উইথ সাহানা” নামের সোশ্যাল মিডিয়া পেজে ছড়িয়ে পড়া সেই ভিডিওয় মানালি মজার ছলে বলেন, “হিরোদের সঙ্গে ঝগড়া হবে না এটা কি হয়? আমার তো বহু হিরোদের সঙ্গে ঝগড়া হয়েছে!” এরপর তাঁকে প্রশ্ন করা হয়, সেই ঝগড়া কোনওদিন কি খারাপ জায়গায় পৌঁছেছিল? উত্তর দিতে গিয়ে মানালি জানান, বেশিরভাগই ছিল কাজের খুনসুটি। ইন্দ্রাশিষ বা নাইজেলের সঙ্গে শুটিংয়ের সময় অনেকবার মনোমালিন্য হয়েছে, আবার পরক্ষণেই সব ঠিক হয়ে গেছে।
তবে এখানেই শেষ নয়। প্রশ্নোত্তরের মাঝেই মানালি জানান, একজন অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে তিনি আর কখনও তাঁর সঙ্গে কাজ করতে চান না। যদিও নাম ফাঁস করেননি, কিন্তু তাঁর ইঙ্গিতেই জল্পনা আরও উসকে উঠেছে। তিনি বলেন, যদি ভবিষ্যতে সেই অভিনেতার সঙ্গে আবার কাজ করতেই হয়, সেটি শুধুই পেশাগত বাধ্যবাধকতা হবে।
মানালির এই মন্তব্যকে অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। কারণ টলিপাড়ায় এখন জিতু ও দিতিপ্রিয়ার মতবিরোধই আলোচনার কেন্দ্রবিন্দু। শিল্পীদের মধ্যে মতবিরোধ নতুন নয়, তবে তা যখন প্রকাশ্যে আসে, তখন তা রীতিমতো বিতর্কে পরিণত হয়।
আরও পড়ুনঃ এই টালমাটাল অবস্থার প্রেমিক হয়ে উঠেছেন একমাত্র ভরসা! চেনেন কি দিতিপ্রিয়া রায়ের ফুটবলার প্রেমিককে?
এই মুহূর্তে মানালি নতুন কাজের খোঁজে রয়েছেন। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ এবং বড় পর্দা সবেতেই তিনি দর্শকদের মন জয় করেছেন। তবে তাঁর এই মন্তব্যে অনেকেই মনে করছেন, অভিনয়ের দুনিয়ায় সম্পর্ক যেমন জটিল, তেমনি বাস্তবও। এখন অপেক্ষা শুধু—‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কি আবার শান্তি ফিরবে, নাকি গল্প বাস্তব জীবনকেও ছাপিয়ে যাবে?

