‘আমি সারাদিন বাইরের কাজ সামলাই ও কিন্তু সারাদিন বাড়িতে…’ ‘আমি ভিক্টিম কার্ড খেলতে চাই না, কিন্তু…’ বিচ্ছেদ নিয়ে অকপটে মানসী সেনগুপ্ত! স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী?

টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। বিশেষ করে নেতিবাচক বা ‘ভ্যাম্প’ চরিত্রে তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের বারবার মুগ্ধ করেছে। ‘কি করে বলব তোমায়’, ‘উমা’ থেকে শুরু করে বর্তমানের ‘তারে ধরি ধরি মনে করি’ প্রতিটি ধারাবাহিকেই তিনি নিজের জাত চিনিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন ও ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে ভালোবাসেন তিনি। সম্প্রতি তাঁর ছোট ছেলে অধ্যায়-এর প্রথম জন্মদিন ঘিরে তাঁর ব্যক্তিগত জীবনের কিছু সমীকরণ নিয়ে নেটপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মানসী একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, তিনি তাঁর সন্তানের জন্য মা এবং বাবা উভয়ই হয়ে থাকবেন। এই একটি বাক্য ঘিরেই তাঁর বৈবাহিক বিচ্ছেদের জল্পনা তুঙ্গে ওঠে। অনেকেই ধারণা করেন যে মানসী হয়তো একা হাতেই সন্তানদের মানুষ করছেন। তবে অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, সেই পোস্টটি তিনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বা কাউকে ছোট করার জন্য করেননি। তিনি জানান, পরিস্থিতির চাপে অনেক সময় আবেগপ্রবণ হয়ে মানুষ কিছু লেখে, কিন্তু তার মানে এই নয় যে তিনি নিজেকে অসহায় প্রমাণ করতে চাইছেন।
ভিডিওতে মানসীকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমি ভিক্টিম কার্ড খেলতে চাই না।’ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি নিজেকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে তুলে ধরে সহানুভূতির প্রত্যাশী নন। তাঁর মতে, যারা সত্যিই একা হাতে সন্তান মানুষ করছেন তাঁদের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু তিনি সেই দলে পড়েন না। কারণ হিসেবে তিনি জানান, তাঁর সন্তানদের বড় করার ক্ষেত্রে তাঁর স্বামী অভিজিৎ ঘোষের অবদান অনস্বীকার্য। বৈবাহিক সম্পর্কের সমীকরণ বদলালেও পিতৃত্বের জায়গায় অভিজিৎ কোনো খামতি রাখেননি বলেই মানসীর দাবি।
দাম্পত্য কলহ বা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মানসী জানান যে, তাঁদের মধ্যে হয়তো স্বামী-স্ত্রীর সম্পর্কের রসায়ন আগের মতো নেই, কিন্তু তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। তিনি বলেন, ‘আমরা তো দুই সন্তানের বাবা-মা, সেই সত্যিটা তো অস্বীকার করতে পারি না।’ মানসী যখন শুটিংয়ের কাজে বাড়ির বাইরে ব্যস্ত থাকেন, তখন বড় মেয়ের পড়াশোনা, তাকে তবলা ক্লাসে নিয়ে যাওয়া বা আঁকার ক্লাসে পৌঁছে দেওয়া সমস্ত দায়িত্বই পালন করেন অভিজিৎ। অর্থাৎ, সন্তানদের কাছে বাবা হিসেবে অভিজিতের উপস্থিতি সবসময়ই উজ্জ্বল, তাই মানসী নিজেকে একা মা বলে দাবি করতে নারাজ।
আরও পড়ুনঃ কর্পোরেট দুনিয়াকে বিদায়! পারুলের হাত ধরে ‘বসু থিয়েটার’-এ নতুন জীবন শুরু রায়ানের! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা কুরুচিকর ট্রোলিং এবং ভ্লগারদের কাটাছেঁড়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে তিনি আর কোনো ব্যক্তিগত ভ্লগ করবেন না। নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রেখে শান্তিতে সন্তানদের মানুষ করতে চান তিনি। মানসীর এই স্পষ্টবাদিতা এবং প্রথাগত অসহায় নারীর ইমেজ ভেঙে বেরিয়ে আসার মানসিকতা নেটদুনিয়ার একাংশের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় পার করে তিনি আরও দৃঢ়ভাবে নিজের পেশাদার জীবনে মনোনিবেশ করতে বদ্ধপরিকর।

