দর্শকদের জন্য বিরাট চমক! গুরুত্বপূর্ণ ভূমিকায় টেলিভিশনের পর্দায় শ্রীময়ী চট্টরাজ! কোন ধারাবাহিকে কোন চরিত্রে ফিরছেন অভিনেত্রী?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে পুরো এক বছর পর আবার দেখা যাবে ছোট পর্দায়। মা হওয়ার পর তিনি কাজ কমিয়ে দিয়েছিলেন, ফলে অনুরাগীরাও তাঁকে খুব একটা পাচ্ছিলেন না। ‘কৃষ্ণকলি’-র রাধারাণী চরিত্রে নজর কাড়ার পর তিনি নানা ধারাবাহিকে টানা কাজ করেছেন, এমনকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিং করেছেন। কিন্তু ‘বুলেট সরোজিনী’-তে রাগিনী চরিত্রে শুরু করে মাঝ পথে সেই ধারাবাহিক ছেড়ে দেন, কারণ চরিত্রটি তাঁর সঙ্গে ঠিক জমছিল না। সেই জায়গায় এরপর যোগ দেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়।
এই বিরতির মাঝেই শ্রীময়ী বড় পর্দায় পা রাখেন। ইউন্ডোজ প্রযোজিত ‘রক্তবীজ ২’-এর মাধ্যমে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। ছবিতে মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা ছিলেন মুখ্য ভূমিকায়। শ্রীময়ীর স্বামী কাঞ্চন মল্লিকও ছবিতে ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এর পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পুজোর গানে দেখা মিলেছিল তাঁর নতুন সাজে।
এবার আবার ছোট পর্দায় সেই পুরনো ছন্দেই ফিরতে চলেছেন শ্রীময়ী। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’–তে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যদিও প্রচারে প্রকাশিত প্রথম প্রোমোতে তাঁর মুখ দেখানো হয়নি, তবে সম্প্রতি ধারাবাহিকের জমকালো লঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তাঁর চরিত্র নিয়ে চ্যানেল এখনো মুখ খুলতে চাইছে না, তবে সেটে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই চর্চায়।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরছেন জনপ্রিয় জুটি শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়। গৌরবকে দেখা যাবে ‘গোরা’ চরিত্রে এবং শোলাঙ্কিকে দেখা যাবে ‘এলা’ হিসেবে। ১ ডিসেম্বর থেকে রাত সাড়ে ৯টার স্লটে শুরু হবে এই নতুন ধারাবাহিক। অর্থাৎ খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং তার জায়গায় আসছে এই নতুন গল্প।
আরও পড়ুনঃ নতুন অপর্ণা শিরীন পাল! ধারাবাহিকের পর্দায় ফের নতুন জুটি! জানেন এই অভিনেত্রীর আসল পরিচয়? দিতিপ্রিয়ার জায়গায় কতটা যোগ্য এই অভিনেত্রী?
অভিনেত্রী অলিভিয়া সরকার, কৌশিক রায়সহ আরও অনেকে যুক্ত হয়েছেন এই ধারাবাহিকে। ‘বুলেট সরোজিনী’-র পর আবারও স্টার জলসার শোতে ফিরছেন শ্রীময়ী, যা তাঁর অনুরাগীদের জন্য নিঃসন্দেহে সুখবর। নতুন চরিত্রে তিনি আবার কতটা ঝড় তুলবেন, এখন সেদিকেই তাকিয়ে টলিপাড়া।

