‘এই রাজ্যে মা হব না, এমন দুর্নীতিগ্রস্ত দেশে সন্তানকে আনতে চাই না…’- সরাসরি প্রশাসনকে দুষলেন সোহিনী! অভিনেত্রীর মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক মহল!

অভিনেত্রী সোহিনী সরকারের মন্তব্য ঘিরে ফের বিতর্ক। এক সময় আরজি কর কাণ্ডের সময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে সোহিনী বলেছিলেন— “আমি চাই না আমার সন্তানকে এমন দেশে আনতে, যেখানে এত অন্যায়, এত দুর্নীতি।” এই কথাই বিকৃত করে ছড়িয়ে পড়ে— “এই রাজ্যে মা হব না।” এবং সেই ভুল ব্যাখ্যা নিয়েই তাঁকে ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়।
সম্প্রতি, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দেবের নতুন ছবিতে সোহিনীর অন্তর্ভুক্তি নিয়ে কটাক্ষ করে বলেন, “যাঁরা শাসকদলকে সারাক্ষণ কুকথা বলছেন, দেব তাঁদের মধ্যেই প্রতিভার খোঁজ পাচ্ছেন!” এই মন্তব্য ঘিরেই ফের শোরগোল। তবে এবার মুখ খুললেন সোহিনী নিজেই। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বললেন, “আমি কি পাগল যে এমন কথা বলব? আমি কাউকে লক্ষ্য করে বলিনি। শুধু বাংলা নয়, গোটা দেশের অবস্থা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছিলাম।”
অভিনেত্রীর দাবি, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। “আমি কোথাও বলিনি, এই রাজ্যে মা হব না। আমি শুধু বলেছিলাম, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্যে নতুন প্রজন্মকে এনে কীভাবে নিশ্চিন্ত থাকা যায়? আমার বক্তব্যকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেন আমি মাতৃত্বকেই অস্বীকার করেছি।” তাঁর কথায়, তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়।
মা হওয়ার প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন সোহিনী। হাসতে হাসতে বলেন, “আমার শরীরে বা মানসিকতায় কোনও সমস্যা নেই। মাতৃত্ব একটা অনুভব, সেটা আমিও অনুভব করি। সময় ও পরিস্থিতি বুঝে হয়তো মা হব, অথবা সন্তান দত্তকও নিতে পারি।” তাঁর মতে, মা হওয়া শুধুই জন্ম দেওয়া নয়, বরং দায়িত্ব ও ভালোবাসার এক গভীর অনুভূতি।
আরও পড়ুনঃ ‘এক ঝুড়ি লেবু নিয়ে বাজারে বসব, তবু নিজের পরিচয়ে বাঁচব’- অতীতের সেই দিনগুলো মনে পড়তেই কেঁদে ফেললেন অপরাজিতা আঢ্য! সৎ পথে থাকতে কি কি ত্যাগ করেছে অভিনেত্রী?
শেষে অভিনেত্রীর কড়া মন্তব্য— “যারা বিকৃতভাবে আমার কথা ছড়িয়েছে, তারা হয় অজ্ঞ, নয়ত ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করছে। আমি শুধু বলতে চাই, মাতৃত্ব আমার কাছে পবিত্র। মা হব কি হব না, সেটা আমার জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত, রাজনৈতিক বিবৃতি নয়।”

