বিয়ের মণ্ডপেই চরম বিশ্বাসঘাতকতা! আইনি কাগজে সই করতেই নিশাকে গ্রেফতার করাল জিৎ বসু! ধরা পড়েও উজিকে চরম হুঁশিয়ারি নিশার! কি করতে চলেছে সে?

জি বাংলার (Zee Bangla) পর্দা কাঁপানো জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। শুরু থেকেই দুই বোনের টক-মিষ্টি সম্পর্কের টানাপোড়েন এবং টানটান উত্তেজনায় ভরা চিত্রনাট্য দিয়ে দর্শকদের ড্রয়িংরুমের দখল নিয়েছে এই সিরিয়াল। প্রধান দুই চরিত্র উজি ও নিশার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাস। বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় ওপরের দিকেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এবার এই জনপ্রিয় মেগার গল্পে আসতে চলেছে এক তোলপাড় করা নতুন মোড়, যা ইতিমধ্যেই নতুন প্রোমো ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে এসেছে।

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, ছোট বোন উজি তার দিদি নিশাকে সমস্ত ভুল পথ ছেড়ে ফিরে আসার অনুরোধ করছে। সে নিশাকে বলে, “দিদি তুই তোর স্ক্যামিং-এর সব টাকা ফেরত দিয়ে দে। ভালোবাসার জন্য এতোটুকু করতে পারবিনা তুই?” উজির এই আবেগময় অনুরোধ কিন্তু ফেলেনি দিদি নিশা। নিজের ভালোবাসার খাতিরে সে মনের সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ভুল পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। সমস্ত টাকা গুছিয়ে ফেরত দিয়ে সে নতুন করে এক সৎ জীবন শুরু করতে প্রস্তুত হয়।

এই ঘটনার পরেই গল্পে শুরু হতে চলেছে জিৎ ও নিশার জাঁকজমকপূর্ণ বিয়ের ধামাকা পর্ব। যে জিৎ বসুকে নিশা ভালোবেসেছিল, তার সঙ্গেই চার হাত এক হওয়ার আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। কিন্তু বিয়ের ছাদনাতলাতেই লুকিয়ে ছিল এক বিশাল ট্র্যাজেডি। গল্পে এমন এক অপ্রত্যাশিত মোড় আসবে যা দর্শকরা হয়তো ভাবতেও পারেননি। জিৎ ও নিশার মালা বদল এবং শুভদৃষ্টির পর্ব ঠিকঠাক মিটে গেলেও আসল বিপর্যয়টি ঘটে ঠিক তার পরেই, আইনি কাগজে সই করার মুহূর্তে।

কাগজে সই করার ঠিক পর পরই জিৎ বসু নিজের আসল রূপ প্রকাশ করে এবং সেখানে মহিলা পুলিশ ডেকে নিশাকে সরাসরি গ্রেফতার করায়। উজি এই ঘটনায় পুরোপুরি স্তম্ভিত হয়ে যায় এবং ক্ষোভে-আশঙ্কায় জীতকে জিজ্ঞেস করে, “আপনি কি করলেন এটা স্যার? আপনি কথা দিয়েছিলেন আমাকে।” উজির এই প্রশ্নের উত্তরে জিৎ বসু সাফ জানিয়ে দেয়, তার কাছে ভালোবাসার চেয়ে নৈতিক দায়িত্ব অনেক বড়। সে বলে, “নিশা মিত্রের সারাজীবনের দায়িত্ব নিয়েছি কিন্তু মহারাণীর কাছে আমি হারতে পারবোনা।”

আরও পড়ুনঃ ঝিনুককে পেয়ে সব অভিমান ঘুচে গেলো সম্রাটের! সবার সামনে গোলাপ হাতে অদ্ভুত কাণ্ড ঘটালো সে! জমজমাট আজকের পর্ব

পুলিশ যখন নিশাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন তীব্র ক্ষোভ ও অভিমানে নিশা পিছনে ফিরে উজিকে লক্ষ্য করে বলে, “পুলিশ হতে গিয়ে বিভীষণ হয়ে গেলি উজি! আজ থেকে আমাদের রক্তের সম্পর্ক শেষ আর মনে রাখিস! তোদের আইন একদিন এই মহারাণীকেই স্যালুট করবে।” নিশার এই কঠিন চ্যালেঞ্জ এবং দুই বোনের রক্তের সম্পর্ক ছিন্ন হওয়ার এই বার্তা আগামী পর্বগুলোর উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জীতের এই পদক্ষেপ এবং নিশার এই প্রতিশোধের আগুন আগামী দিনে গল্পকে কোন নতুন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।

Back to top button