ঝিনুককে পেয়ে সব অভিমান ঘুচে গেলো সম্রাটের! সবার সামনে গোলাপ হাতে অদ্ভুত কাণ্ড ঘটালো সে! জমজমাট আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, পল্লবীর আসল পরিচয় জানার জন্য আদিত্য মরিয়া হয়ে উঠেছে। সে একরকম চুপিচুপিই মিঠির বাড়িতে ঢুকে পড়ে এবং মনে মনে নানারকম পরিকল্পনা সাজাতে শুরু করে। আদিত্যের ধারণা, মিঠির পরিবারের সাথে পল্লবীর নিশ্চয়ই কোনো গভীর যোগসূত্র রয়েছে। কিন্তু সে যে সম্পূর্ণ ভুল আন্দাজ করছে, সেটা আদিত্য নিজেই বুঝতে পারছে না। আসলে সে তো এখনো পল্লবীর নামটুকু পর্যন্ত জানে না! ফলে পুরো বিষয়টা সে নিজের অজান্তেই বেশ গুলিয়ে ফেলেছে। এদিকে মিঠির মাম্মাম এবং তার মনের মানুষ যে আসলে একই ব্যক্তি সেই সত্যিটাও এখনো আদিত্যের কাছে অজানা রয়ে গেছে।

অন্যদিকে, ছোট্ট মিঠি একটা মিষ্টি জেদ ধরে বসে থাকে। যে আঙ্কেল তাকে ভালোবেসে মাছ-ভাত খাইয়েছিল, সেই আঙ্কেলকে সে কোনোভাবেই ভুলতে পারছে না। মিঠি পল্লবীর কাছে অনুরোধ করে, যেন সেই আঙ্কেলকে ফোন করে ঝিনুকের বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়। বোনের আবদার ফেলতে না পেরে পল্লবী নিজেই আদিত্যকে ফোন করার সিদ্ধান্ত নেয়। সে আদিত্যকে ফোন করে বলে, “আমার বোনের বিয়েতে আপনাকে আমি নিমন্ত্রণ করতে চাই। আপনার সাথে দেখা হবে, আপনাকে সরাসরি দেখে ধন্যবাদ দিতে চাই।”

পল্লবীর মুখ থেকে আচমকা এই নিমন্ত্রণের কথা শুনে আদিত্য খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। তার আনন্দের আর কোনো সীমা থাকে না। সে মনে মনে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে, আগামীকাল বিয়ের অনুষ্ঠানে গেলেই সে পল্লবীর আসল পরিচয় জানতে পারবে। পল্লবীর পরিবারের মুখোমুখি হলে সব সত্যি তার সামনে চলে আসবে এই আশায় আদিত্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে।

এদিকে গুহ বাড়িতে ঝিনুকের বিয়ের জাঁকজমকপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। সেখানে নাচ-গানের এক জমজমাট অনুষ্ঠান চলতেই থাকে। আনন্দের এই আবহে বাড়ির দুই ছেলে এবং তাদের বউরা জুটি বেঁধে চমৎকার সব জনপ্রিয় গানে নাচতে শুরু করে। একে একে বাড়ির ছোট-বড় সব সদস্যই কোনো না কোনো সুন্দর পারফরম্যান্স নিয়ে হাজির হয়। তাদের এই নাচ আর গানে পুরো বিয়ের আসর এক মায়াবী ও উৎসবমুখর রূপ নেয়।

আরও পড়ুনঃ ‘বাংলা ছবির শিল্পীদের গা’লিগালাজ করাটা এখন ফ্যাশন…’ ‘সামনে সিনেমা, আর পেছনে একদল মানুষ এজেন্ডা নিয়ে লেগে আছে!’ রূপমের মঞ্চে সিনেমার প্রচার ঘিরে কটাক্ষ! তীব্র প্রতিবাদ চৈতি ঘোষালের!

আগামী পর্বে আরও দেখা যাবে, সবার সামনে দাঁড়িয়ে সম্রাট আবেগঘন গলায় ঝিনুককে বলে, “জানো তো ঝিনুক! আমার অনাথ হওয়া নিয়ে ভগবানের কাছে একটু-আধটু অভিযোগ ছিল। কিন্তু বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমার সব অভিযোগ, অভিমান এক নিমেষে মিটে গেছে।” সম্রাটের এই কথা শুনে কমলাসহ বাড়ির বাকি সবাই ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরই সম্রাট সবার সামনে হাঁটু গেড়ে বসে, হাতে গোলাপ নিয়ে ঝিনুককে মনের কথা জানিয়ে বলে আই লাভ ইউ ঝিনুক। আর ঠিক এই রোমান্টিক মুহূর্তেই, অন্যদিকে আদিত্য নিজের মনের গভীরে পল্লবীকে নিয়ে একটা সুন্দর রোমান্টিক পারফরম্যান্সের কল্পনা করতে শুরু করে।

Back to top button