হোটেলের পচা মাংস খাওয়ানো! কর্মীদের অশালীন আচরণ, চরম দুর্ব্যবহার! শান্তিনিকেতনে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা প্রারব্ধি-অস্মিতার!

শান্তিনিকেতন বেড়াতে গিয়ে একেবারেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন টেলিভিশন অভিনেতা প্রারব্ধি সিংহ এবং অস্মিতা চক্রবর্তী। ছুটির আনন্দে কিছুটা বিশ্রাম আর ভালো খাওয়া-দাওয়ার আশায় বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সফর রীতিমতো ঝামেলায় ভরে গেল হোটেলের নিম্নমানের খাবার আর কর্মীদের অস্বাভাবিক ব্যবহার নিয়ে।
প্রারব্ধির কথায়, তাঁদের অর্ডার করা পাঁঠার মাংস একেবারেই নষ্ট ছিল। মুখে দিতেই টক স্বাদ পাওয়া যায়। অথচ অভিযোগ জানালে হোটেল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার তো দূরের কথা, উল্টে অস্বীকার করে বসে। অভিনেতা জানান, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এভাবে খারাপ খাবার পেলে মনটাই খারাপ হয়ে যায়। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলতেই হোটেলকর্মীদের ব্যবহার আরও বিরক্তিকর হয়ে ওঠে।
পরদিন সকালে আবারও খাওয়ার জন্য একই হোটেলে গিয়েছিলেন তাঁরা। প্রারব্ধি নিজে খাওয়ার ইচ্ছা না থাকলেও অস্মিতা একটি থালি নিতে চেয়েছিলেন। সেই সময় প্রারব্ধি মজা করে বলেন, দু’চামচ ভাত অস্মিতার প্লেট থেকে নেবেন। কিন্তু হোটেলকর্মীর উত্তর ছিল বিস্ময়কর। তিনি সাফ জানিয়ে দেন, এখানে ভাগাভাগি করে খাওয়া যায় না, চাইলে নতুন থালি অর্ডার করতে হবে। এ কথার সুরে এতটাই রুক্ষতা ছিল যে অস্মিতা রাগ সামলাতে না পেরে সরাসরি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
অভিনেত্রীর অভিযোগ, অতিথিদের সঙ্গে এমন দুর্ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না। শান্তিনিকেতন মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে যদি এই অভিজ্ঞতা হয়, তাহলে সাধারণ পর্যটকরা কীভাবে নিরাপদ বোধ করবেন? প্রারব্ধির দাবি, শুধু খারাপ খাবার নয়, হোটেলকর্মীদের মানসিকতাই তাঁদের ভ্রমণকে নষ্ট করে দিয়েছে।
আরও পড়ুনঃ সেই হাসিখুশি মানুষটা আজ আর নেই! স্বামীর মৃত্যুর পর থেকেই উধাও হয়েছে হাসি! অভিনয় জগৎ থেকেও হারিয়ে গেলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়!
অস্মিতা বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে অভিনয় করছেন, আর প্রারব্ধি নতুন ধারাবাহিকের প্রস্তুতিতে ব্যস্ত। কাজের চাপের ফাঁকে ছুটি কাটানোর এই পরিকল্পনা যে এমনভাবে দুঃস্বপ্নে পরিণত হবে, তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। তাঁদের অভিজ্ঞতা এখন আলোচনার কেন্দ্রে, এবং প্রশ্ন তুলছে— পর্যটনকেন্দ্রগুলিতে হোটেল পরিষেবার মান নিয়ে কতটা নজরদারি হয়?

