সিরিয়ালের স্ক্রিপ্টকেও হার মানাবে অভিনেত্রীর নাটকীয় জীবন! ‘সবই মহাদেবের কৃপা…’ একরাশ অভিযোগ, ঝগড়া-বিচ্ছেদ মিটিয়ে রিয়া গাঙ্গুলীর জীবনে ফিরে স্বামী অরিন্দম!

জীবন কখন কোন মোড় নেবে, তা আগে থেকে বলা কঠিন। অভিনেত্রী রিয়া (Riya Ganguly) এবং তাঁর স্বামী অরিন্দমের বৈবাহিক জীবনে গত কয়েক বছরে যে ঝড় বয়ে গিয়েছিল, তা কারোর অজানা নয়। দীর্ঘ তিক্ততা, মান-অভিমান এবং দূরত্ব কাটিয়ে অবশেষে এই দম্পতি আবার এক ছাদের তলায় ফিরেছেন। সম্প্রতি মহাশিবরাত্রির পুণ্যতিথি এবং অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে তাঁরা তাঁদের সম্পর্কের এই পুনর্জন্ম এবং অতীতের ভুলভ্রান্তি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
টেলিপাড়ার চিত্রনাট্যকেও হার মানাতে পারে রিয়া এবং তাঁর স্বামী অরিন্দমের বাস্তব জীবন। মাসখানেক আগেও যাঁরা একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘কাদা ছোড়াছুড়ি’ করছিলেন, একে অপরের হাঁড়ি হাটে ভাঙছিলেন, আজ তাঁরাই আবার হ্যাপি কাপল গোলস দিচ্ছেন। এসব দেখে নেটিজেনদের মাথায় হাত তাঁদের প্রশ্ন, ‘ঝগড়াটা কি তবে চিত্রনাট্যের অংশ ছিল, নাকি শিবরাত্রির আগে সব পাপ ধুয়ে গেল?’
অতীতের বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে রিয়া বেশ অকপট ছিলেন। তিনি স্বীকার করেন যে, তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন কিছু ভুল এবং অন্যায় হয়েছিল, যা কোনোভাবেই কাম্য ছিল না। এমনকি ভাই-বোনের মতো কাছের সম্পর্কের মধ্যেও এমন তিক্ততা সচরাচর দেখা যায় না। রিয়া জানান, সেই সময় নিজেদের রিপু বা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারাই ছিল এই দূরত্বের প্রধান কারণ। তবে আজ সেই অন্ধকার অধ্যায় পিছনে ফেলে তাঁরা দুজনেই নিজেদের ভুল উপলব্ধি করতে পেরেছেন, যা তাঁদের সম্পর্ককে নতুন করে সাজাতে সাহায্য করেছে।
নিজেদের সম্পর্কের তিক্ততার কথা বলতে গিয়ে এবং বর্তমান সময়ের কথা বলতে গিয়ে রিয়া বলেন, ‘আমার যখন খারাপ সময়, যখন ভেঙে পড়েছি, আমি আরো বেশি করে মহাদেবের কাছে নিজেকে সমর্পণ করেছি। করেছি বলেই হয়তো আমি উপলব্ধি করেছি, সময়ের সাথে বুঝতে পেরেছি যে না, হয়তো কিছু বিক্ষিপ্ত ছিল, ভুল ছিল। মহাদেব চেয়েছেন বলে আমাদের সম্পর্ক এরকমভাবে জোড়া লেগেছে। এটা হয়তো বাবার ইচ্ছে, তাই হয়েছে।’
আরও পড়ুনঃ প্রাতিষ্ঠানিক গবেষণা থেকে ব্যক্তিগত জীবন! ভোরের অনধিকার চর্চায় নতুনের সঙ্গে কমলিনীর সম্পর্কে ফাটল! তবে কি এখানেই শেষ চিরসখার বন্ধুত্ব? দুর্ধর্ষ আজকের পর্ব
পেশাগত জীবনের চেয়েও এখন রিয়া বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁর পরিবার এবং সন্তানদের। সাক্ষাৎকারে তিনি জানান, সন্তানদের পড়াশোনা এবং বিশেষ করে পরীক্ষার কারণে তিনি অভিনয় থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছেন। তাঁর মতে, জীবনের প্রতিটা মুহূর্ত খুব ছোট, তাই অহেতুক মানুষের কথায় কান না দিয়ে নিজেদের সম্পর্কের ওপর ভরসা রাখা জরুরি। রিয়া এবং অরিন্দম দুজনেই বিশ্বাস করেন যে, নো মানে হলো নিউ অপরচিউনিটি। অর্থাৎ যেখানে জীবন শেষ মনে হয়, সেখান থেকেই নতুন এক সুন্দর জীবনের শুরু হতে পারে।

