“আমার সঙ্গেই সম্পর্ক ভেঙেছে তবে প্রাক্তনের নতুন প্রেমিকের প্রতি শ্রদ্ধাশীল আমি”, শোভন-সোহিনী প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন রণজয়

টেলিদুনিয়ার (Television) পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)। বর্তমানে তারকা জুটি জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে নায়ক-নায়িকা। পর্দায় যুগলের রসায়ন ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে দর্শক মনে। বুধবার ছিল ধারাবাহিকের মহাপর্বের শুটিং। ব্যস্ততার মাঝেই ধারাবাহিক থেকে ব্যক্তিগত জীবন নিয়ে খোশ আড্ডায় মাতলেন অনিকেত-শ্যামলী।
এই মুহূর্তে শ্যামলী ওরফে শ্বেতা চুটিয়ে প্রেম করছেন অভিনেতা রুবেল দাসের সঙ্গেই। প্রেমিক নিয়ে প্রশ্ন করতেই সলজ্জ হাসি হেসে অভিনেত্রী বলেন, “রুবেল এখন ভাল আছে। জমিয়ে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিং করছে। সামনের বছর জানুয়ারিতে বিয়ের পরিকল্পনা করেছেন দুজন। তবে তারিখ ঠিক হয়নি এখনও।” তিনি আরও জানালেন, কলকাতায় বিয়ের আসর বসবে। সাবেকিয়ানার ছোঁয়া থাকবে।
ধারাবাহিকের নায়ক রণজয়ের সদ্য মন ভেঙেছে। দীর্ঘকালীন প্রেমিকা সোহিনীর সঙ্গে প্রেম ভেঙেছে তাঁর। ইতিমধ্যেই প্রাক্তন প্রেমিকার প্রেম জমে উঠেছে অন্য একজনের সঙ্গে। সোহিনী-শোভনের প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। সমাজমাধ্যমের পাতায় তাঁদের ছবি দেখলে বিষণ্নতা ঘিরে ধরে না রণজয়কে? অভিনেতার কথায়,“ছবি দেখলে মন থেকে শুভকামনা আসে। যাঁর সঙ্গে এক সময় সম্পর্ক ছিল, তাঁর সঙ্গে প্রেম ভেঙে গিয়েছে বলে কি তাঁর খারাপ চাইব? এটা হয় কখনও!”
রণজয়ের কথায়, যদি কারোর সঙ্গে জীবনে অনেকটা ভাল সময় কেটে থাকে অথবা শেষদিন অবধি কারোর সঙ্গে একসঙ্গে থাকার স্বপ্ন দেখেন তাঁর প্রতি সবসময় শ্রদ্ধাশীল রণজয়। প্রাক্তনের বর্তমান প্রেমিক ও সম্পর্কের প্রতি সমান ভাবে শ্রদ্ধাশীল অভিনেতা। বিচ্ছেদের অবশ্যই কোনও কারণ ছিল। তাই আজ তাঁরা একসঙ্গে নেই। কিছু জিনিস হয় যা ভাল বা খারাপ লাগার ঊর্ধ্বে। সবকিছু মাপকাঠি দিয়ে বিচার্য নয় অভিনেতার কাছে।
আরও পড়ুনঃ খুশির খবর মিঠাই প্রেমীদের জন্য! মিঠাইয়ের প্রধান অভিনেতা থাকছেন ‘কে প্রথম কাছে এসেছি’তে প্রধান চরিত্রে!
তবে ব্যক্তিগত সম্পর্ক ভাল না থাকলে রণজয়ের কাজের উপর ছাপ ফেলে মত সহঅভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের। নায়িকার কথায়, “রণদার মনটা ভীষণ নরম। ওঁর অতীতের প্রসঙ্গে কথা হোক এটা আমরা কেউ চাই না। অতীত নিয়ে খোঁড়াখুঁড়ি করার কী দরকার! ভবিষ্যতের দিকে তাকাই আমরা।” তবে প্ৰিয় রণদার জন্য পাত্রী খোঁজার চেষ্টা জারি রেখেছে শ্বেতা। “আমি তো রণদাকে অনেক মহিলার কথা বলছি, কাউকে মনে ধরছে না ওঁর!”, বললেন তিনি।

