“সংলাপ বলতে পারব কি না, ভয় করছিল”- অভিনেত্রীর জীবনে মৃত্যুর হাতছানি! ব্রেন স্ট্রোকে ভেঙে পড়েছিল শরীর! সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে সায়ন্তনী মল্লিক!

মাত্র দু’মাস আগে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। ৩ সেপ্টেম্বর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। সেই সময় স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছিলেন, “একটুর জন্য ফাঁড়া কেটেছে।” সেই ভয়াবহ অভিজ্ঞতার পর এখন আবার আলো-ঝলমলে সেটে ফিরেছেন সায়ন্তনী। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ফের নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

অভিনেত্রীর কথায়, অসুস্থতার পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোটা সহজ ছিল না। “এত বড় ব্রেন স্ট্রোকের পর ফ্লোরে সংলাপ বলতে পারব কি না ভেবেই ভয় করছিল। কিন্তু এসভিএফ-এর সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক, তাই ওরা সবাই পাশে দাঁড়িয়েছিল। চেনা মানুষ, চেনা পরিবেশ— সব মিলিয়ে সাহস পেয়েছি,” বললেন সায়ন্তনী।

অসুস্থতার আগে তিনি ব্যস্ত ছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং নিয়ে। ৩১ অগস্ট শেষ হয়েছিল সেই কাজ। তারপর স্বামীর সঙ্গে ছোট্ট ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু ছুটির সেই সময়েই ঘটে যায় বিপর্যয়। সকালে নিয়ম মতো ‘ওয়ার্কআউট’ করার পর হঠাৎই অস্বস্তি শুরু হয় তাঁর। ধীরে ধীরে হাত-পা অসাড় হয়ে আসে, এমনকি ঘোরার শক্তিও হারিয়ে ফেলেন। পরে জানা যায়, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এবং রক্ত জমাট বেঁধে গিয়েছিল।

সায়ন্তনী স্পষ্টভাবে বলেন, “ইন্দ্রনীল না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। ওর উপস্থিত বুদ্ধি আর দ্রুত সিদ্ধান্তই আমাকে বাঁচিয়েছে।” এখন তিনি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন এবং আবারও পুরোদমে কাজে ফিরেছেন।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো নিশা! উজির মাথায় ঋষির নামের সিঁদুর! এসব দেখে বিয়ের মণ্ডপে একি কাণ্ড ঘটিয়ে বসলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনেত্রীর মুখে এখন শুধুই কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাসের ছাপ। তিনি বললেন, “এই ফ্লোর, এই সংলাপ, এই আলো— সবকিছু যেন নতুন করে জীবনের স্বাদ এনে দিয়েছে। ভয় পেয়েছিলাম, কিন্তু এখন জানি, আমি পারব।”

Back to top button