পুরুষ মানেই বয়সে বড়— সেই ধারণা পুরনো! সংসারে ‘বিগ বি’ এখন রাতুল, স্বামীর জন্মদিনে রূপাঞ্জনার গর্বের স্বীকারোক্তি

শনিবার সকালটা অন্য রকম হয়ে উঠেছে রূপাঞ্জনা মিত্রের জন্য। আনন্দ, গর্ব, ভালোবাসা— সব মিলিয়ে তাঁর মুখে যেন আলোর ছটা। কারণও বেশ মজার! আজ অমিতাভ বচ্চনের জন্মদিন, আর সেই দিনেই জন্ম তাঁর স্বামী রাতুল মুখোপাধ্যায়েরও। এই অদ্ভুত মিলেই আরও উজ্জ্বল হয়ে উঠেছে দিনটা। হাসিমুখে রূপাঞ্জনা বললেন, “বয়সে ছোট বলে নয়, রাতুলকে রোজই আদর করি। তবে আজ একটু বেশি করব— ওর জন্যই।”

অভিনেত্রীর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও রাতুলের জন্মদিনে খামতি রাখেননি কেউ। আগের রাতে কেক কাটার পরিকল্পনা ছিল, কিন্তু সেট ভেঙে বেরোতেই দোকান বন্ধ। তাই কী আর করা! হাসতে হাসতে রূপাঞ্জনা বললেন, “আমরা শনপাপড়ি খেয়ে মিষ্টিমুখ করেছি! রাতুল খুব খুশি। ওর খুশিই তো আমার খুশি।” সকালে আবার রান্নাঘরে ব্যস্ত রাতুলের মা— পুত্রের জন্মদিনের পাতে থাকছে তাঁর প্রিয় সব পদ। আর রূপাঞ্জনা? সকাল থেকে শুটিং সেরে সন্ধের মধ্যেই ফিরবেন— তারপর দুই পরিবার মিলে হৈচৈ, কেক, হাসি, গল্পে মেতে উঠবেন সবাই।

বয়সে ছোট স্বামী, তবু সম্পর্কের ভারসাম্য এত সুন্দর কীভাবে রাখেন তাঁরা? প্রশ্ন শুনে একটু ভেবে রূপাঞ্জনার উত্তর, “আজকের যুগে বয়স নিয়ে কেউ আর ভাবেই না। আসল ব্যাপারটা হল বোঝাপড়া আর বন্ধুত্ব। আমরা একে অপরের বন্ধু হিসেবেই বাঁচি।”

তাঁর কথায়, রাতুল শুধু ভালো জীবনসঙ্গী নন, পরিবারের স্তম্ভও বটে। দুই পরিবারের বড়দের দেখভাল করতে হোয়াটসঅ্যাপে আলাদা গ্রুপ বানিয়ে রেখেছেন তিনি। কে অসুস্থ, কার কী দরকার— সব খবর ওর নখদর্পণে। এমনকি রূপাঞ্জনার হালকা জ্বর বা ক্লান্তি হলেও রাতুল নিজে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সময়মতো বিশ্রামের দেখভাল পর্যন্ত করেন। “ও আমার ছোট নয়, বরং পরিণতমনস্কতায় অনেক বড়,” বলেন অভিনেত্রী।

রূপাঞ্জনার চোখে রাতুলই সংসারের আসল ‘বিগ বি’। “আমার সিদ্ধান্তের জায়গাতেও ওর মতামত খুব গুরুত্বপূর্ণ। জীবনের ছোট-বড় অনেক সিদ্ধান্ত ও নেয়— কিন্তু কখনও জোর করে নয়, বোঝাপড়া দিয়ে,” বলেন তিনি। “আমাদের সম্পর্কটা যেন একটা ভারসাম্যের দোলনা— যেখানে বয়স নয়, ভালোবাসা আর পারস্পরিক সম্মানটাই মুখ্য।”

বিয়ের বয়স দু’বছর ছুঁইছুঁই, একত্রবাস সাত বছরের। আজও তাঁদের সম্পর্কের টান ঠিক প্রথম দিনের মতোই। “ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে বন্ধুত্বটাই আসল,” বলেন রূপাঞ্জনা। “ও আমার পাশে থাকে, আমার সাফল্যে গর্ব করে, আমার ব্যর্থতায় সান্ত্বনা দেয়। তাই হয়তো আজ, ওর জন্মদিনে আমি বলতে পারি— আমাদের সংসারে রাতুলই ‘বিগ বি’, কারণ ভালোবাসা আর দায়িত্ব দুটোই ও একসঙ্গে সামলায়।”

Back to top button