তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ঋতব্রত মুখোপাধ্যায়! ভোটে দাঁড়াচ্ছেন অভিনেতা? কি বললেন তিনি?

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। অনেকেই ভেবেছিলেন, এ বার বেশ কিছু তারকা মুখ দেখা যাবে তালিকায়। তবে সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়নি। এর মাঝেই সমাজমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে এক বিভ্রান্তিকর খবর, যেখানে দাবি করা হয় অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabrata Mukhopadhyay) নাকি নির্বাচনে প্রার্থী হয়েছেন।

খবরটি ছড়িয়ে পড়তেই অভিনেতার কাছে একের পর এক প্রশ্ন আসতে থাকে। বিভিন্ন জায়গায় তাঁর নাম এবং ছবি ব্যবহার করে বলা হয়, তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন। একটি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়ার দাবি করা হয়েছিল, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

তবে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন ঋতব্রত। সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি স্পষ্ট করেন, এই খবর সম্পূর্ণ ভুল। তাঁর কথায়, প্রার্থী হিসেবে যাঁর নাম রয়েছে, তাঁর পদবি আলাদা। নাম এক হওয়ায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, সেই ব্যক্তি বন্দ্যোপাধ্যায়, আর তিনি মুখোপাধ্যায়।

অভিনেতা আরও জানান, এই ভুলের জন্য একটি সংবাদমাধ্যম দায়ী। তাঁর ছবি ব্যবহার করে ভুল খবর প্রকাশ করা হয়েছিল। যদিও পরে সেই ভুল সংশোধন করা হয়েছে। তিনি নিজেও বিষয়টি নিয়ে হালকা মজার পোস্ট করেছিলেন, কিন্তু পরে পরিষ্কার করে দেন যে তিনি কোনওভাবেই নির্বাচনের সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুনঃ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত “সাধক বামাখ্যপা”র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল! শোকে স্তব্ধ টলিপাড়া!

সবশেষে ঋতব্রত সকলকে অনুরোধ করেছেন, এই ভুল তথ্য আর না ছড়াতে। তিনি জানান, তিনি অভিনয় ও থিয়েটারের সঙ্গেই যুক্ত আছেন এবং আসন্ন নির্বাচনে কোনওভাবেই প্রার্থী হচ্ছেন না। ফলে এই জল্পনায় এখনই ইতি টানা উচিত বলে মত তাঁর।

Back to top button