‘নিজে তো সস্তার শাড়ি পরেন…’- বিতর্কিত মন্তব্যে উত্তাল নেটপাড়া! জয়া বচ্চনের বিরুদ্ধে কেন গর্জে উঠলেন হিন্দুস্তানি ভাউ?

এক সময় বলিউডে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও আজ তিনি বেশি পরিচিত নেটদুনিয়ার পরিচিত মুখ হিসেবে। কথা হচ্ছে হিন্দুস্তানি ভাউ নামে পরিচিত বিকাশ জয়রাম পাঠকের। সোশ্যাল মিডিয়ায় তাঁর তীক্ষ্ণ মন্তব্য এবং আক্রমণাত্মক ভিডিও প্রায়শই ভাইরাল হয়। এবার সেই ভাউয়ের রাগের মুখে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, আর তা নিয়েই চর্চা তুঙ্গে।
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে পাপারাৎজ়িদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জয়া বচ্চন। তিনি আগেও বহুবার জানিয়েছেন যে তিনি পাপারাৎজ়ি সংস্কৃতিতে বিশ্বাসী নন। সেই অনুষ্ঠানে জয়া প্রশ্ন তোলেন, কীভাবে অগোছালো পোশাকে ছবি তুলতে আসেন অনেকে এবং তাঁদের শিক্ষা নিয়েও কটাক্ষ করেন। এই মন্তব্যে ইতিমধ্যেই বিরোধিতা করেন শত্রুঘ্ন সিন্হা ও অভিনেত্রী হুমা কুরেশি।
এই আবহেই জয়া বচ্চনের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ওঠেন হিন্দুস্তানি ভাউ। নিজের ভিডিও বার্তায় তিনি সরাসরি জয়ার নাম করে আক্রমণ করেন। তিনি বলেন, এমন সব মানুষের পিছনে কেন দৌড়ান ফটোগ্রাফাররা যারা নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারেন না। এখানেই থামেননি ভাউ, জয়ার পোশাক নিয়েও কটাক্ষ করেন প্রকাশ্যে।
ভাউয়ের মন্তব্য অনুযায়ী, জয়া বচ্চন নাকি খুব সাধারণ দামের শাড়ি পরেন অথচ অন্যদের পোশাক নিয়ে কটু কথা বলেন। তাঁর আরও দাবি, পাপারাৎজ়িরা না থাকলে অনেক তারকাকেই মানুষ গুরুত্ব দিতেন না। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে তিনি আলোকচিত্রীদের পাশেই দাঁড়াচ্ছেন।
আরও পড়ুনঃ নিজের শেষ ছবি দেখতে চাননি ধর্মেন্দ্র! কেন এমন বলেছিলেন তিনি? কি জন্য এই ছবি দেখার ইচ্ছে ছিল না তার?
ভাউয়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। একপক্ষ জয়ার আচরণকে অহংকারী বলছেন, অন্যপক্ষ আবার ভাউয়ের ভাষাকে অশালীন বলে আক্রমণ করছেন। সব মিলিয়ে পাপারাৎজ়ি ও তারকাদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল এই ঘটনা, যা বলিউড মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

