অরিজিৎ এত খারাপ গায়! অরিজিতের গান শুনে নাকি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন গায়িকা, গায়কের গান নিয়ে এ কী বললেন অনুরাধা পড়ওয়াল

যে অরিজিৎ সিংয়ের গান শোনার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন সঙ্গীতপ্রেমীরা, যার কনসার্টের টিকিট বিক্রি হয় লাখ লাখ টাকায়, সেই অরিজিতের গান শুনেই তিনি নাকি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন!স্বাভাবিক হওয়ার জন্য শুনেছিলেন নিজের পুরনো গান! সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে সেই কথাই খোলসা করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়ওয়াল।

১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের সুরে ‘আজ ফির তুম পে’ (Aaj Phir Tum Pe) গানটি গেয়েছিলেন অনুরাধা পাড়োয়াল এবং পঙ্কজ উদাস। গানটি ভীষণই জনপ্রিয় হয়েছিল। ২০১৪ সালে ‘হেট স্টোরি ২’ সিনেমায় সেই গানটিই আবার রিমেক হয়। এইবার গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। অনুরাধার দাবি, সেই গান শুনেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এমনি শ্রোতা মহলে গানটি জনপ্রিয় হলেও তা একেবারেই মনে ধরেনি অনুরাধার।

বলিউডের বর্ষীয়ান গায়িকা ভক্তিগীতির পাশাপাশি আট-নয়ের দশকে চুটিয়ে বলিউডি গান গেয়েছেন। সুপারহিট সব গান। যা কিনা আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। চার্টবাস্টার ট্র্যাকের সেই তালিকায় ‘আশিকী’, ‘দিল হ্যায় কি মানতা নহি’, ‘সড়ক’, ‘দিল’, ‘বেটা’, ‘সাজন’- এহেন একাধিক সিনেমার গান রয়েছে। তবে কালের নিয়মে বলিউডি গানের স্টাইলও বদলেছে। অনেক পুরনো গানকেই নয়া মোড়কে চটকদার করে পরিবেশন করা হচ্ছে শ্রোতাদের কাছে। আর সেই রিমিক্স গানের বিরুদ্ধেই এবার সুর চড়ালেন অনুরাধা পড়ওয়াল।

বর্ষীয়ান গায়িকা জানান, “অরিজিতের গাওয়া রিমেকটি আমার এতটাই খারাপ লেগেছিল যে, সেটির রেশ কাটাতে আমি নিজের গাওয়া পুরনো গানটি শুনেছিলাম। এমনিতে আমি মাঝেমধ্যেই নিজের গানগুলি শুনি। কিন্তু সেগুলো বেশিরভাগই ভক্তিগীতি। তবে যখন নিজের গানের রিমেক শুনে আতঙ্কিত হয়ে পড়ি, তখন আবার আসল ভার্সন শুনে ধাতস্থ হই।”

এরপর তিনি বলেন, “অরিজিতের গাওয়া ‘আজ ফির তুমপে’র রিমেক শুনেও আমার একইরকম অবস্থা হয়েছিল। যখন এই গানটি অরিজিতের গলায় মুক্তি পেয়েছিল, তখন আমায় একজন শোনার কথা বলেছিল। কারণ গানটি নাকি ভীষণই জনপ্রিয় হয়েছে। এরপর তাঁর কথা মতো গানটি শোনার পরই আমি কেঁদে ফেলেছিলাম। শেষে ইউটিউবে গিয়ে নিজের গাওয়া গানটি শুনে একটু শান্তি পাই।”

Back to top button