অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর সাময়িক? নিচ্ছেন “এক বছরের” বিরতি? গায়ক থেকে এবার নতুন রূপে তাঁর আত্মপ্রকাশ! কি জানালেন সুরের রাজা!

সাফল্যের একেবারে শিখরে দাঁড়িয়ে হঠাৎ প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় চমকে গিয়েছিল গোটা বিনোদন দুনিয়া। কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং, তা নিয়ে তৈরি হয়েছিল রহস্যের ঘনঘটা। তবে ২৪ ঘণ্টা না কাটতেই সামনে এল নতুন তথ্য, যা অনেকটাই বদলে দিল ছবিটা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, এই অবসর চিরতরের নয়। বরং এটি এক বছরের পরিকল্পিত বিরতি, যার নেপথ্যে রয়েছে এক বড়সড় স্বপ্ন আর নতুন পথচলার প্রস্তুতি।
মঙ্গলবার রাতে অরিজিতের ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে হতাশা আর উদ্বেগের সুর স্পষ্ট ছিল। সাফল্যের এমন সময়ে প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত সহজে মানতে পারেননি অনেকেই। কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, এই সিদ্ধান্তের পিছনে আবেগ নয়, রয়েছে সুপরিকল্পিত ভাবনা। শোনা যাচ্ছে, আগামী এক বছরে নিজেকে সম্পূর্ণ আলাদা এক পরিচয়ে তুলে ধরতেই চাইছেন অরিজিৎ। সেই লক্ষ্য পূরণে আপাতত সিনেমার গানে কণ্ঠ না দেওয়ার পথ বেছে নিয়েছেন তিনি।
সূত্রের দাবি অনুযায়ী, বহুদিন ধরেই চলচ্চিত্র পরিচালনার স্বপ্ন দেখছেন অরিজিৎ সিং। একটি জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বর্তমানে তিনি তাঁর প্রথম পরিচালিত ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই প্রজেক্টে সময় ও মানসিক মনোযোগ দুটোই দরকার, যা নিয়মিত প্লেব্যাকের চাপের মধ্যে সম্ভব নয়। হাতে একের পর এক গানের অফার থাকলেও সেগুলো সরিয়ে রেখে পরিচালনার কাজেই নিজেকে ডুবিয়ে দিতে চান তিনি। এক বছরের এই বিরতিতে তাঁর পরিচালক সত্তাই নাকি সামনে আসবে।
সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন গায়ক। অরিজিত স্পষ্ট বলেছেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। তিনি স্বীকার করেছেন যে একঘেয়েমি তাঁকে দ্রুত গ্রাস করে এবং সেই কারণেই গানেও বারবার নতুনত্ব খোঁজেন। নিজের কথায়, তিনি এখন মানসিকভাবে ক্লান্ত এবং বেঁচে থাকার জন্য অন্য ধরনের সঙ্গীত নিয়ে ভাবতে চান। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নতুন কণ্ঠস্বরদের জায়গা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ শাশুড়ির কাছে টাকার খোটা খেয়ে বিরাট পদক্ষেপ দিতির! চাকরির সিদ্ধান্তই হলো কাল! দুর্ধর্ষ আজকের পর্ব
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্যাটল অফ গালওয়ান ছবির মাতৃভূমি গানটিই আপাতত অরিজিতের শেষ প্লেব্যাক রিলিজ। তবে প্লেব্যাক থেকে দূরে থাকলেও তিনি সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন না। লাইভ কনসার্ট, স্বাধীন গান এবং নিজের মিউজিক লেবেল ওরিয়নের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক চালিয়ে যাবেন তিনি। এবার গায়ক নয়, পরিচালক অরিজিতের নতুন অধ্যায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর কোটি কোটি অনুরাগী।

