ব্যাঙ্কে যাওয়ার পথেই নিখোঁজ! সঙ্গে নেননি মোবাইল ফোন! কোথায় হারিয়ে গেলেন পরিচালক উৎসব মুখার্জি?

চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখার্জিকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। পরিবারের দাবি, তিনি দুপুরবেলা বাড়ি থেকে ব্যাঙ্কের কাজের জন্য বেরিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিচিত মহলে এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে শুরু করেছে। ‘বরুণবাবুর বন্ধু’ এবং ‘ভবিষ্যতের ভূত’ এর মতো ছবির সঙ্গে যুক্ত এই পরিচালকের হঠাৎ নিখোঁজ হওয়া ঘিরে নানা প্রশ্ন উঠছে।
পরিচালকের স্ত্রী জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিটে তাঁদের শেষবার কথা হয়েছিল। সেই সময় উৎসব জানান, তিনি ব্যাঙ্কের ভিতরে রয়েছেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনাই আরও রহস্য ঘনীভূত করছে বলে মনে করছেন অনেকে।
ঘটনার আরও একটি দিক পরিবারের উদ্বেগ বাড়িয়েছে। জানা গিয়েছে, নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি বাড়িতেই রেখে গিয়েছিলেন। পরিবর্তে প্রয়াত বাবার একটি ফোন সঙ্গে নিয়েছিলেন, কিন্তু সেটিও এখন বন্ধ হয়ে রয়েছে। কেন তিনি নিজের ফোন না নিয়ে অন্য ফোন ব্যবহার করলেন, সেই প্রশ্নও উঠছে বারবার।
আরও পড়ুনঃ ‘টাকার অংকটা লোভনীয় ছিল, লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি…’ অভিনেত্রীর কন্ঠে ফুটে উঠল এক গভীর আপসোস! নিজের নেওয়া কোন সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ অপর্ণা সেনের?
পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবুও এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সূত্র মেলেনি।
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তিনি আদৌ ব্যাঙ্কে পৌঁছেছিলেন কি না। যদি পৌঁছে থাকেন, তাহলে সেখান থেকে বেরোনোর পর কী ঘটেছিল, সেটাই এখন তদন্তের মূল বিষয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি তাঁর সম্পর্কে কোনও তথ্য পান, তবে যেন দ্রুত তাঁদের জানানো হয়।

