‘হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন…’ স্বামীকে হাসপাতাল থেকে আনতে গিয়েই গুরুতর অসুস্থ সুদীপা!

পরপর দুবার স্ট্রোকের পর গত শনিবার তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। কয়েকদিন চিকিৎসার পর বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। সকালে স্বামীকে বাড়ি নিয়ে আসতে হাসপাতালে পৌঁছেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু সেখানেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। মুহূর্তের জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে, তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত স্বামীকে নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।

চিকিৎসকদের মতে, টানা কয়েকদিনের মানসিক চাপ এবং অনিয়মিত খাওয়া দাওয়া ও বিশ্রামের অভাবই সুদীপার অসুস্থতার প্রধান কারণ। দীর্ঘ সময় ঘুম না হওয়ায় তাঁর রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, যার জেরেই মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। হাসপাতালের তরফে তাঁকে ভর্তি করার পরামর্শ দেওয়া হলেও সুদীপা তাতে রাজি হননি। সামান্য চিকিৎসার পরই নিজেকে সামলে নেন এবং অগ্নিদেবকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

এই কঠিন সময় প্রায় একাই সামলাতে হয়েছে সুদীপাকে। একদিকে হাসপাতালে স্বামীর চিকিৎসা, অন্যদিকে বাড়িতে ছোট সন্তানের দেখাশোনা সবকিছু মিলিয়ে তাঁকে ছুটতে হয়েছে বারবার। চিকিৎসকদের মতে, অগ্নিদেব এখন আগের থেকে অনেকটা ভালো থাকলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। তাঁর শরীর এখন দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কম, তাই আপাতত বাড়িতেই চিকিৎসা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই অগ্নিদেব শরীরে অস্বস্তি অনুভব করছিলেন। প্রথমে বিষয়টিকে সাধারণ মাথাব্যথা বা মাইগ্রেন বলে ভেবে গুরুত্ব দেননি। কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। মাথায় তীব্র যন্ত্রণা, বাঁ চোখে ঝাপসা দেখা এবং হাঁটতে অসুবিধা হওয়া সত্ত্বেও পরিস্থিতি বোঝা যায়নি। অবশেষে শনিবার অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ ‘ট্যালেন্ট থাকলে কাজ খোঁজো, নাটক কোরো না!’ শুটিং বন্ধ হতেই বেকার ভাতার খোঁজে ভিভান! ‘ফেভারিটজম’ নিয়ে পাল্টা তোপ রানা সরকারের! রণক্ষেত্র নেটপাড়া!

২০১৭ সালে আইনি ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদীপা ও অগ্নিদেব। দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁদের এই বিয়ে নিয়ে একসময় নানা বিতর্কও হয়েছিল। বয়সের ব্যবধান নিয়েও আলোচনা হয়েছিল অনেক। তবে সেই সব বাধা পেরিয়ে তাঁদের সংসার আজ দৃঢ়। ২০১৮ সালে তাঁদের জীবনে আসে ছেলে আদিদেব। সুদীপা বরাবরই জানিয়েছেন, অগ্নিদেব শুধু তাঁর জীবনসঙ্গী নন, বরং তাঁর জীবনের পথপ্রদর্শকও। এই কঠিন সময়েও তাঁদের সম্পর্কের সেই গভীরতাই আরও একবার সামনে এল।

Back to top button