বাংলা বিনোদন জগতে নজির গড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়! অভিনেত্রীর পোস্টারে দুধ ঢেলে আরতিতে মত্ত ভক্তরা!

নায়িকাদের ক্ষেত্রে এমন উন্মাদনা সচরাচর দেখা যায় না। ছবি মুক্তির দিন সাধারণত নায়কদের পোস্টার ঘিরেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে। দুধ ঢেলে অভিষেক, মালা পরানো, আরতি এসব দৃশ্য যেন বহুদিন ধরেই নায়কদের জন্য নির্দিষ্ট। বলিউডে শাহরুখ খান বা সলমন খানের ছবি মুক্তি পেলেই এই ধরনের উদযাপন নতুন কিছু নয়। টলিপাড়াতেও দেব বা জিতের ছবি মুক্তির সময় একই ছবি ধরা পড়ে। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে এই সংস্কৃতি বরাবরই বিরল। সেই ধারণাতেই এবার বড়সড় পরিবর্তন আনলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

চলতি বছরের বড়দিনে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর ছবি মুক্তির দিন থেকেই যেন আলাদা মাত্রা পেল নায়িকার জনপ্রিয়তা। শুভশ্রীর ছবি ও পোস্টারকে কেন্দ্র করে যেভাবে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেল, তা দেখে অনেকেই অবাক। অভিনেত্রীদের ক্ষেত্রে এমন দৃশ্য যে এতটা আবেগঘন হতে পারে, তা হয়তো অনেকেই ভাবেননি।

শুভশ্রীর ফ্যান ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া ভিডিওতেই ধরা পড়েছে সেই চিত্র। কোথাও নটী বিনোদিনী রূপে শুভশ্রীর ছবি হাতে নিয়ে শ্রীখোল ও খঞ্জনি বাজাতে বাজাতে রাস্তায় হাঁটছেন ভক্তরা। আবার কোথাও বড় কাটআউটে দুধ ঢেলে অভিষেক করা হচ্ছে, পরানো হচ্ছে ফুলের মালা। মাটির সরায় আগুন জ্বালিয়ে আরতির মধ্য দিয়ে যেন শুভশ্রীকে দেবীর আসনে বসিয়েছেন তাঁর অনুরাগীরা। বাংলা ছবির নায়িকাদের ক্ষেত্রে এমন দৃশ্য সত্যিই বিরল।

এই ছবিতে শুভশ্রীর পাশাপাশি রয়েছেন আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, সুস্মিতা চট্টপাধ্যায় ও ব্রাত্য বসু। ছবির গল্পে গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যকে কেন্দ্র করে তিনটি ভিন্ন সময়কাল একসূত্রে গাঁথা হয়েছে। শ্রী চৈতন্যের সময়, নটী বিনোদিনী ও গিরিশ ঘোষের সময় এবং বর্তমান সময় একসঙ্গে ধরা দিয়েছে এই ছবিতে। দিব্যজ্যোতি দত্ত অভিনয় করেছেন শ্রী চৈতন্যের ভূমিকায়।

আরও পড়ুনঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের এগিয়ে পরিণীতা! পাশেই আছে পরশুরাম! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা!

নটী বিনোদিনীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল চৈতন্যলীলা, যা এই ছবির অন্যতম মূল ভিত্তি। সেই কারণেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্রটি ছবির কেন্দ্রীয় স্তম্ভ বলা যায়। ছবির ভিতরে আরও একটি ছবির গল্প রয়েছে, যেখানে নায়ক হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। পেশাগত প্রয়োজনে তিনিও শ্রী চৈতন্যর রূপে ধরা দেবেন। সব মিলিয়ে লহ গৌরাঙ্গের নাম রে শুধু একটি ছবি নয়, বরং শুভশ্রীর কেরিয়ারের এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে, যা ভক্তদের আবেগেই স্পষ্ট।

Back to top button