ফের ছোটপর্দায় ফিরছে দর্শকদের প্রিয় জুটি শন-সৃজলা! কোথায়, কবে দেখা যাবে এই জুটিকে?

এক সময় বাংলা টেলিভিশনের পর্দায় যে জুটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল, তারা হলেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ। মন ফাগুন ধারাবাহিকের হাত ধরেই ঋষি ও পিহু হয়ে দর্শকের ঘরের আপনজন হয়ে উঠেছিলেন তাঁরা। ধারাবাহিক শেষ হলেও এই জুটির জনপ্রিয়তা আজও একটুও কমেনি। অনুরাগীদের মনে আজও রয়ে গিয়েছে তাঁদের রোম্যান্স, আবেগ আর অনবদ্য রসায়ন। তাই বারবারই দর্শকের মুখে শোনা গিয়েছে একটাই প্রশ্ন, আবার কবে একসঙ্গে দেখা যাবে শন আর সৃজলাকে।

দীর্ঘদিন ধরে এই জুটিকে ফের পর্দায় দেখার জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। নানা সময় নানা গুঞ্জন শোনা গেলেও কোনওটাই নিশ্চিত হচ্ছিল না। অবশেষে বছর শেষের মুখে এল সেই বহু প্রতীক্ষিত সুখবর। ফের ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন শন ও সৃজলা। যদিও এটি কোনও নতুন ধারাবাহিক নয়, তবুও তাঁদের একসঙ্গে দেখার আনন্দ যে কম নয়, তা বলাই বাহুল্য। দর্শকের চাওয়াকে সম্মান জানিয়ে আবার এক ফ্রেমে ফিরছেন এই জনপ্রিয় জুটি।

তাহলে প্রশ্ন একটাই, কোথায় দেখা যাবে তাঁদের। কোনও মেগা সিরিয়াল বা রিয়্যালিটি শো নয়, বরং স্টার জলসার বর্ষবরণের বিশেষ অনুষ্ঠানে দেখা মিলবে শন ও সৃজলার। ৩১ ডিসেম্বর স্টার জলসার ওয়েলকাম ২০২৬ অনুষ্ঠানে তাঁরা বিশেষ পারফরম্যান্স করতে চলেছেন। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের প্রোমো, যেখানে তাঁদের নাচের এক ঝলক দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক।

প্রোমোতে সৃজলাকে দেখা গিয়েছে বেগুনী রঙের শাড়ি আর নুডুলস স্ট্র্যাপ ব্লাউজে, সঙ্গে মানানসই পাথরের গয়না। অন্যদিকে শন ছিলেন সাদা টি শার্ট আর অফ হোয়াইট জ্যাকেটে, বেশ স্টাইলিশ লুকে। প্রোমোর শুরুতেই তাঁরা দর্শকদের উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছা জানান। এরপর তাঁদের জনপ্রিয় গানের তালে নাচ করতে দেখা যায়, যা মুহূর্তে মন কাড়ে সকলের।

আরও পড়ুনঃ  মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে ‘হোক কলরব’! ‘ক্ষুদিরাম চাকি, ঝু’লি না ঝো’লাই…’- ছবির সংলাপ ঘিরে তীব্র নিন্দা!

সব মিলিয়ে বছরের শেষ দিনে দর্শকদের জন্য এক দারুণ উপহার নিয়ে আসছেন শন ও সৃজলা। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে স্টার জলসায় সম্প্রচারিত হবে ওয়েলকাম ২০২৬। প্রিয় জুটিকে আবার একসঙ্গে নাচতে আর হাসতে দেখার এই সুযোগ একদমই হাতছাড়া করতে চান না তাঁদের অনুরাগীরা। নতুন বছর শুরুর আগেই তাই ছোটপর্দায় ফিরছে পুরনো ভালোবাসার উষ্ণতা।

Back to top button