মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে ‘হোক কলরব’! ‘ক্ষুদিরাম চাকি, ঝু’লি না ঝো’লাই…’- ছবির সংলাপ ঘিরে তীব্র নিন্দা!

আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’। ছাত্র রাজনীতির আবহে তৈরি এই ছবি শুরু থেকেই দর্শকের কৌতূহল তৈরি করেছিল। কারণ, এক দশকেরও বেশি আগে যে স্লোগান রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল, সেই শব্দবন্ধকেই কেন্দ্র করে গল্প বুনেছেন পরিচালক। বড়দিনে প্রকাশিত টিজার ছবির ঝাঁজ ও অ্যাকশনের ইঙ্গিত দিলেও, তার একটি সংলাপই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

টিজারের একটি দৃশ্যে পুলিশের উর্দিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই।” এই সংলাপ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। দর্শকের একাংশের অভিযোগ, দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে প্রাণ উৎসর্গ করা বিপ্লবী ক্ষুদিরাম বোসের নামের সঙ্গে এমন সংলাপ ব্যবহার করা চরম অসম্মানজনক। তাঁদের মতে, ইতিহাসের মহান ব্যক্তিত্বকে ঘিরে এ ধরনের শব্দ প্রয়োগ বাঙালির সাংস্কৃতিক চেতনাকে আঘাত করে।

এই বিতর্কে একের পর এক প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, বাঙালি কি নিজের ইতিহাস ও আত্মপরিচয় ভুলে যাচ্ছে। কেউ আবার রাজনৈতিক মহলের নীরবতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্যও চোখে পড়ছে, যেখানে প্রশ্ন তোলা হচ্ছে, এত দেশপ্রেমের কথা বলা মানুষদের প্রতিবাদ কোথায়। শাশ্বত চট্টোপাধ্যায়কেও কেউ কেউ কাঠগড়ায় তুলে তাঁর আগের কাজের প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন।

উল্লেখ্য, ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘প্রলয়’ ও ‘আবার প্রলয়’ ছবিতে তাঁকে আগেও কঠোর পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে। তবে এবার চরিত্রের নাম ও সংলাপের মিলেই আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। এর মধ্যেই কিছুদিন আগে পাইরেসির সমস্যায় সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হতে হয়েছিল পরিচালককে, আর এবার নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ল ছবিটি।

আরও পড়ুনঃ সিনেমা হলে আবেগের ঢেউ! ধর্মেন্দ্রর শেষ ছবির বিশেষ প্রদর্শনীতে ভেঙে পড়লেন সানি দেওল!

‘হোক কলরব’ ছবিতে শাশ্বতের পাশাপাশি অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য ও ওম সাহানি। টিজার দেখে বোঝা যাচ্ছে, ছবিতে থাকছে অ্যাকশন, সংঘাত ও রাজনৈতিক উত্তাপ। চলতি বছরের আগস্ট মাসে ছবির ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী এবং জানা যাচ্ছে, এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। নতুন বছরের শুরুতে পরিচালকের প্রথম মুক্তি হিসেবে আসতে চলা এই ছবি যে বিতর্কের আবহেই দর্শকের সামনে হাজির হচ্ছে, তা এখন বলাই যায়।

Back to top button