‘স্বপ্ন বিসর্জন দিয়ে সংসার বাঁচাতে গিয়েই…এখন শুধু ছোট্ট মেয়েটা আর আমিই বেঁচে আছি!’— সব হারিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছেন সৌমি! কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

নতুন বছরের শুরু থেকেই টলিপাড়া (Tollywood) সাক্ষী থেকেছে একাধিক সম্পর্ক ভাঙনের। একের পর এক দম্পতির দাম্পত্যে টানাপোড়েন, বিচ্ছেদের (Divorce) খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। তারকাদের এই বিচ্ছেদের সিদ্ধান্তে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এই সম্পর্কের হালকা মূল্যবোধ সাধারণ মানুষের উপরেও প্রভাব ফেলতে পারে। আবার কেউ বলেছেন, তারকারা এমনিতেই সম্পর্ককে স্থায়ীত্ব দিতে চান না। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা!

পর্দার মানুষ হলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, আত্মসম্মানের দ্বন্দ্ব, মানসিক লড়াই— এগুলিও ঠিক সবার মতোই বাস্তব ও কঠিন। এই তালিকাতেই রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ‘সৌমি বন্দ্যোপাধ্যায়’ (Soumii Banerjee)। যিনি খুব একটা লাইমলাইটে থাকেন না, সামাজিক মাধ্যমেও তেমন সক্রিয় নন। তবে যাঁরা তাঁর কাজ দেখেন বা তাঁকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন তিনি একজন লড়াকু মানুষ। সম্প্রতি আকাশ আট-এর ধারাবাহিক ‘সাহিত্যের সেরা সময়’-এর ‘প্রথম কদম ফুল’ গল্পে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

ক্যামেরার সামনে শান্ত, আত্মবিশ্বাসী সৌমিকে দেখে কেউ আন্দাজ করতে পারবেন না, ব্যক্তিগত জীবনে তিনি কতটা ঝড়ের মুখোমুখি হয়েছেন। খুব অল্প বয়সেই প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। সংসার গোছাতে গিয়ে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন স্বেচ্ছায়। তারপর সন্তানের জন্ম। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একসময় থেকে শুরু হয় মতবিরোধ, মানসিক দূরত্ব আর তা থেকেই সম্পর্কে চিড় ধরতে থাকে।

একটা সময়ের পর বিচ্ছেদই শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। এতদিন এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ না খুললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেত্রী। সৌমি বলেন, একসময় এতটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন যে আত্মসম্মানের লেশমাত্রও বোধ করতেন না। সংসার বাঁচানোর চেষ্টায় বারবার নিজেকেই ভাঙতে হয়েছে। সেই সময়টা তাঁকে বুঝিয়েছে, গৃহবধূ হওয়া মানে আত্মপরিচয় বিসর্জন নয়।

বরং একজন নারী হিসেবে নিজের কর্মজীবন, নিজের অর্থনৈতিক স্বাধীনতা থাকা কতটা প্রয়োজনীয় তা টের পেয়েছেন তিনি। তাঁর কথায়, একসময় অভিনয়কে তেমন গুরুত্ব দেননি। কিন্তু আজ অভিনয়ই তাঁর কাছে প্রাধান্য পাচ্ছে। এই মুহূর্তে তিনি আইনি বিচ্ছেদের পরবর্তী জীবনে স্থিত হচ্ছেন। মা-বাবা, ভাই আর ছোট্ট মেয়েকে নিয়েই তাঁর পৃথিবী। দশ বছরের সন্তানকে বড় করে তোলার লড়াইয়ে একা নন তিনি, পরিবার সবসময় পাশে থেকেছে।

আরও পড়ুনঃ “ছুটির দিনে দেখি যমরাজ সোফায় বসে আছেন!” —স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব মানসী সিনহা! অভিনেত্রীর স্বামীকে নিয়ে মুখ ফস্কে বলা কথায় চাঞ্চল্য!

আর তিনি নিজের বিশ্বাস হারাননি কখনও। জীবনের কঠিনতম অধ্যায় পেরিয়ে এখন সৌমি আরও পরিণত, আত্মবিশ্বাসী। এই মুহূর্তে পুরোনো দিনের আক্ষেপ সরিয়ে, নিজের কাজে মন দিয়েছেন। জানিয়েছেন, ওটিটির অফারও পাচ্ছেন। তার জীবনের এই গল্প হয়তো অনুপ্রেরণা হতে পারে বহু নারীর জন্য, যাঁরা আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছেন।

Back to top button