নায়িকা থেকে খলনায়িকা! কাজের অভাবে নাকি অন্য কোন কারণে? কেরিয়ারের মধ্য গগনে কেন এই পথ বেছে নিলেন শিঞ্জিনী?

টেলিভিশনের পর্দায় প্রথমে নায়িকা, তারপর একের পর এক খলনায়িকা—শিঞ্জিনী চক্রবর্তীর অভিনয়জীবনের এই রূপান্তর এখনই দর্শকের চর্চার বিষয়। ‘উমা’ ধারাবাহিকে নায়িকা হয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই শুরু থেকেই টালিগঞ্জে নিজের আলাদা জায়গা তৈরি করতে চাইতেন শিঞ্জিনী। আজকের দিনে এসে তিনি হয়ে উঠেছেন এক শক্তিশালী খলনায়িকা চরিত্রের নির্ভরযোগ্য মুখ।
অনেকেরই মনে প্রশ্ন, কেন তিনি হঠাৎ নায়িকা থেকে স্ক্রিনে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে শুরু করলেন। কি, মুখ্যচরিত্রের সুযোগ মিলছিল না? কিন্তু সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিলেন অভিনেত্রী। তাঁর কথায়, এটি কোনও বাধ্যবাধকতা নয়, বরং তাঁর নিজস্ব পছন্দ। ছোটবেলা থেকে কখনওই ভাবেননি শিল্পী হবেন। বালির মতো ছোট শহর থেকে টালিগঞ্জে পৌঁছানো সহজ ছিল না। তাই এখন যখন একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, সেটাকেই তিনি নিজের সাফল্য বলে মনে করেন।
শিঞ্জিনী আরও জানান, চরিত্র নায়িকা হোক বা খলনায়িকা—তাতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর মতে, অভিনয়টাই মুখ্য। তিনি সবসময়ই এমন চরিত্র চান যেখানে কাজ করার সুযোগ বেশি, আবেগ রয়েছে, গল্প রয়েছে। এজন্যই নেতিবাচক চরিত্রেও তিনি ভরসার মুখ হয়ে উঠেছেন। অনেক অভিনেত্রী অভিযোগ করেন, এক ধরনের চরিত্র করতে করতে একঘেয়েমি চলে আসে। কিন্তু শিঞ্জিনীর ক্ষেত্রে সেই অনুভূতি নেই। বরং তিনি বলেন, “এখনই তো শুরু করেছি। একঘেয়েমি আসার প্রশ্নই নেই। বরং আমি উপভোগ করছি।”
আরও পড়ুনঃ নিভে গেল জলজ্যান্ত প্রতিভা! প্রাণ কেড়ে নিল এক ভয়াবহ দুর্ঘটনা! প্রয়াত বাঙালি অভিনেত্রী অদিতি মুখার্জি!
বর্তমানে শিঞ্জিনীকে দেখা যাচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকে বর্ষার চরিত্রে। স্বতন্ত্র আর কমলিনীর দাম্পত্যের মাঝে ঝড় তুলছে সে। পর্দায় এই চরিত্র যেমন দর্শকের ক্ষোভ কুড়িয়েছে, তেমনই প্রশংসাও। গল্প যত এগোচ্ছে, বর্ষা ততই কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছে। সামনে তাঁর অভিনয় ক্যারিয়ার কোন দিকে যায়—সেই অপেক্ষাতেই এখন দর্শক।

