‘ওনার মাথা ফাথা একেবারেই খারাপ হয়ে গিয়েছে!’ ‘তুমি একাই অমিতাভ বচ্চনের নায়িকা? তাহলে জয়া ভাদুড়ি, শর্মিলা ঠাকুর লিলি চক্রবর্তী এরা কে?’ ‘আমার তো আরবানায় থাকার পয়সা নেই, কিন্তু ওনার…’ রচনা ব্যানার্জিকে নিয়ে তীব্র কটাক্ষ! বিতর্কে ঘি ঢাললেন শংকর চক্রবর্তী!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ার অন্দরমহল সর্বত্রই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। সম্প্রতি তাঁর করা বেশ কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আলিশান ‘আরবানা’ আবাসন এবং বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাথে কাজ করা নিয়ে অভিনেত্রীর মন্তব্যে কার্যত ক্ষুব্ধ দর্শকমহলের একটা বড় অংশ। এই চরম বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন টলিউডের অন্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা শংকর চক্রবর্তী (Shankar Chakraborty)।
টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি নাম শংকর চক্রবর্তী। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নিজের অনবদ্য অভিনয় ক্ষমতার মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সর্বত্রই তাঁর সাবলীল অভিনয় দর্শকের মনে এক গভীর ও স্থায়ী ছাপ ফেলে গিয়েছে। যেকোনো চরিত্রকেই পর্দায় জীবন্ত করে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। ইন্ডাস্ট্রির এমন একজন সিনিয়রের কাছে যখন বর্তমানের এই হট টপিক অর্থাৎ রচনার মন্তব্য নিয়ে প্রশ্ন রাখা হয়, তখন তিনিও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্পষ্ট ও কড়া বক্তব্য পেশ করেন।
বিতর্কের সূত্রপাত রচনা বন্দ্যোপাধ্যায়ের দুটি মন্তব্যকে কেন্দ্র করে। প্রথমত, কলকাতার বিলাসবহুল ‘আরবানা’ সোসাইটিতে থাকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, সেখানে থাকতে গেলে নাকি একটা আলাদা ‘যোগ্যতা’ লাগে। এই মন্তব্যটি সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, একটি সাক্ষাৎকারে তিনি দাবি করে বসেন, অমিতাভ বচ্চনের সাথে তিনিই প্রথম বাঙালি অভিনেত্রী যিনি বলিউডে কাজ করেছেন। রচনার এই দুটি বয়ান সামনে আসতেই নেটপাড়ায় ট্রোল, সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। টলিউডের অন্যান্য তারকারাও এই নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন।
রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছেন অভিনেতা শংকর চক্রবর্তী। ‘আরবানা’ আবাসন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বেশ চড়া সুরে বলেন, হয়তো ওনার সেই যোগ্যতা আছে, ওনার পয়সার যোগ্যতা আছে; আর সেই কারণেই হয়তো উনি আরবানাতে থাকার যোগ্যতা নিয়ে এমন বড় বড় কথা বলতে পেরেছেন। শংকর চক্রবর্তীর এই মন্তব্য থেকেই পরিষ্কার যে, আরবানার মতো বিলাসবহুল জায়গায় থাকাটাকে রচনা যেভাবে আভিজাত্য বা যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখিয়েছেন, তা একেবারেই মেনে নিতে পারেননি এই বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুনঃ হঠাৎ উধাও অদিতি মুন্সীর ফেসবুক পেজ! ‘ভদ্রলোকের বেশে আস্ত একটা চোর…’ মুখোশ খুলে পড়ায় লজ্জা পেয়েছে গায়িকা? নাকি এর পিছনেও রয়েছে অন্য কোন কারণ?
অন্যদিকে, অমিতাভ বচ্চনের সাথে কাজ করা নিয়ে রচনার প্রথম বাঙালি অভিনেত্রীর দাবিকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন শংকর চক্রবর্তী। ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা প্রশ্ন তোলেন, রচনা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম বাঙালি অভিনেত্রী হন যিনি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, তাহলে জয়া ভাদুড়ি, শর্মিলা ঠাকুর, লিলি চক্রবর্তী কিংবা মৌসুমী চ্যাটার্জিরা কে? এরা কি কেউ বাঙালি নন? এরা প্রত্যেকেই তো বিগ বি-র সাথে চুটিয়ে কাজ করেছেন। রচনাকে খোঁচা দিয়ে অভিনেতা বলেন, ওনার মাথা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। সবশেষে নিজের আর্থিক অবস্থার কথা টেনে তিনি মৃদু হাসির ছলে বলেন, “আমারও তো পয়সা নেই আরবানা সোসাইটিতে থাকার মতো, ওনার সেই যোগ্যতা ও ক্ষমতা আছে তাই উনি থাকছেন।”

