চুপিসারে নতুন জীবনের শুরু? পর্দার দীপ-ঝাঁপির সম্পর্ক ঘিরে টলিপাড়ায় জোর গুঞ্জন! গোপনে বিয়ের সারলেন সৌরভ-শুভস্মিতা?

বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরমহলে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। যদিও প্রকাশ্যে কেউই প্রেমের কথা স্বীকার করেননি, তবু সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্ত বারবার সেই জল্পনাকেই উস্কে দিয়েছে। কখনও ছবি, কখনও আবার ভিডিয়ো পোস্ট করে দুজনেই নজর কেড়েছেন অনুরাগীদের।
এবার সেই সম্পর্ক ঘিরেই আরও বড় গুঞ্জন ছড়াল টলিপাড়ায়। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, সকলের চোখের আড়ালেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সৌরভ ও শুভস্মিতা। শোনা যাচ্ছে, গত ১০ তারিখ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।
যদিও এই বিষয়ে সরাসরি বিয়ের কথা মানতে চাননি সৌরভ। সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, তিনি এখনও বিয়ে করেননি। তবে একটি ছোট অনুষ্ঠান হয়েছিল বলেই স্বীকার করেছেন তিনি। পাশাপাশি এটাও বলেন, ইচ্ছে করেই খুব বেশি মানুষকে জানানো হয়নি, যাতে বিষয়টি নিয়ে অতিরিক্ত চর্চা না শুরু হয়।
কয়েক মাস আগেই সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকারের বিয়ের খবর সামনে এসেছিল। সেই ঘটনার পর এবার সৌরভকে ঘিরে নতুন সম্পর্কের এই জল্পনা স্বাভাবিকভাবেই টলিউডে নতুন করে কৌতূহল তৈরি করেছে। অনুরাগীদের মধ্যেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।
আরও পড়ুনঃ ‘সোশ্যাল মিডিয়ায় সব সমাধান হলে ফোরামের দরকার ছিল না!’ ‘রাতারাতি কিছুই পাল্টানো যায় না,’ সোশ্যাল মিডিয়া বনাম ফোরাম বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!
তবে এখনও পর্যন্ত সৌরভ বা শুভস্মিতা কেউই তাঁদের সম্পর্ক বা বিয়ে নিয়ে স্পষ্টভাবে কিছু জানাননি। ফলে পুরো বিষয়টাই আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। তা সত্ত্বেও টলিপাড়ার এই জুটিকে ঘিরে আগ্রহ কিন্তু ক্রমেই বাড়ছে।

