আংটি চুরির অভিযোগে পরিচারিকাকে মারধর! বিতর্কে সম্রাট মুখোপাধ্যায়! ‘ওটা আমার খুব মূল্যবান আংটি ছিল…’ পাল্টা ‘চক্রান্ত’-এর দাবি অভিনেতার!

টলিপাড়ার পরিচিত মুখ সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukhopadhyay) এবার বিতর্কের কেন্দ্রে। নিজের বাড়ির পরিচারিকাকে শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। যদিও অভিনেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ঘটনার সূত্রপাত অভিনেতার একটি দামী আংটি হারিয়ে যাওয়া নিয়ে। সম্রাটের দাবি, বাড়িতে কয়েকজন কর্মী থাকলেও শুধুমাত্র ওই পরিচারিকাই তাঁর শোওয়ার ঘরে যাতায়াত করতেন। আংটি খুঁজে না পাওয়ার পর দারোয়ানের সঙ্গে পরিচারিকার তর্কাতর্কি শুরু হয়। খবর পেয়ে বাড়িতে ফেরেন অভিনেতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
সম্রাটের কথায়, তিনি বাড়ি ফিরে দেখেন ওই পরিচারিকা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখনই তাঁকে জানানো হয়, পুলিশ না আসা পর্যন্ত কেউ বেরোতে পারবেন না। পরে হরিদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এবং মহিলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিনেতা জানান, পরিচারিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং হারানো আংটির বিষয়ে কিছুই স্বীকার করেননি।
অভিনেতার বিরুদ্ধে মারধরের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেছেন সম্রাট। তাঁর বক্তব্য, পালানোর সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পরিচারিকার পা পিছলে যায় এবং সেখানেই তাঁর চোট লাগে। সম্রাট আরও বলেন, পুলিশ উপস্থিত থাকার সময় কোনও ধরনের হেনস্থা হলে তা অবশ্যই নজরে আসত। এরপর অভিনেতা নিজেই পরিচারিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! খাদ থেকে ১৫০০ ফুট নিচে আছড়ে পড়ল দেহ! মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা!
সম্রাটের দাবি, এর আগেও তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল, যদিও তখন কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এবার পরপর এমন ঘটনায় তিনি সন্দেহপ্রবণ হয়ে পড়েন। অভিনেতার কথায়, হারানো আংটিটি তাঁর খুব প্রিয় ছিল এবং তিনি সেটি ফেরত পাওয়ার জন্য অনুরোধও করেছিলেন। তবে এখন তাঁকে ভয় দেখিয়ে অভিযোগ তুলে নেওয়ার চেষ্টা চলছে বলেই দাবি করেছেন তিনি। ঘটনাকে ঘিরে টলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

