‘ওই গতেবাঁধা নেগেটিভ চরিত্র আমি আর করতে চাই না…’ নতুন দাম্পত্য জীবনের ছয় মাস পার! ভালোবাসা আর বন্ধুত্বের ছায়াতেই রূপালি রাই ভট্টাচার্যের নতুন জীবন! তবে কি অভিনয় থেকে চিরতরে সরে গেলে অভিনেত্রী?

বিয়ের ছয় মাস পূর্ণ করলেন টলিউড অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য, যাঁকে ইন্ডাস্ট্রির অন্দরমহলে সকলেই রূপা নামে চেনেন। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেম, আর সেই সম্পর্কই শেষ পর্যন্ত পৌঁছেছে সংসারে। পেশায় ইঞ্জিনিয়ার দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে ঘর বেঁধে রূপালির জীবনে এসেছে এক নতুন অধ্যায়। তবে এই পরিবর্তনটা খুব নাটকীয় নয় বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর কথায়, এত বছরের বন্ধুত্বের ভিতের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কে হঠাৎ করে বদলে যাওয়ার সুযোগ নেই, বরং বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে।
রূপালির জীবনে সাম্প্রতিক আরেকটি বড় পরিবর্তন নতুন ফ্ল্যাটে শিফট করা। নতুন ঘর, নতুন পরিবেশে সংসার গুছিয়ে নিতে স্বামীর ভূমিকাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তাঁর কাছে। দেবাঙ্কের সমর্থন প্রসঙ্গে রূপালি বলেন, এই সাপোর্ট নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই প্রয়োজন। তাঁদের সম্পর্কের রোম্যান্টিকতা চাঁদ তারা বা ফুলে নয়, বরং একসঙ্গে সিনেমা দেখা, সাধারণ সময় কাটানোর মধ্যেই বেশি ধরা পড়ে। বন্ধুত্বটা যেন অটুট থাকে, এই আশ্বাসটাই তাঁর কাছে সবচেয়ে বড় স্বস্তি।
কাজের দিক থেকেও রূপালি বেশ ব্যস্ত। অর্জুন দত্তের পরবর্তী ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। পাশাপাশি নন ফিকশন প্রজেক্টেও কাজ চলছে নিয়মিত। টেলিভিশনের দর্শকরা তাঁকে সম্প্রতি আনন্দী ধারাবাহিকে নন্দিনী চরিত্রে দেখেছেন। মাঝখানে সেই চরিত্রটি শেষ হয়ে গেলেও আবার গল্পে ফিরেছে নন্দিনীর ট্র্যাক, যদিও এবার রূপালিকে আর সেই চরিত্রে দেখা যাবে না।
এই সিদ্ধান্তের পিছনে স্পষ্ট যুক্তি রয়েছে অভিনেত্রীর। রূপালি জানান, শুরুতে নন্দিনী চরিত্রটি গল্পের তিনটি মূল স্তম্ভের একটি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রটির প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। পরে যখন বয়স বাড়িয়ে চরিত্রটি ফেরানোর প্রস্তাব আসে, তখন সেটি তাঁর করা আগের কাজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। তিন মাস পরে হঠাৎ করে অনেকটা বয়সী চরিত্রে ঢুকলে ভবিষ্যতে তাঁকে শুধুই সেই ধরনের চরিত্রে ভাবা হবে, এই আশঙ্কাই কাজ করেছে।
আরও পড়ুনঃ ‘একজন বি’ষাক্ত মানুষের মতন…’- জিতুর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক? শিরিনের সঙ্গেও কি একই ঝামেলায় জড়ালেন জিতু?
সবচেয়ে বড় কথা, গতেবাঁধা নেগেটিভ চরিত্রে অভিনয় করে তিনি নিজেই ক্লান্ত। রূপালি স্পষ্ট জানাচ্ছেন, সিরিয়ালে টাইপকাস্ট হতে আর চান না তিনি। নতুন ধরনের চরিত্র, নতুন চ্যালেঞ্জই এখন তাঁর লক্ষ্য। সংসার ও কেরিয়ার দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চান অভিনেত্রী, যেখানে বন্ধুত্ব, স্বচ্ছতা আর আত্মসম্মানই তাঁর পথচলার মূল শক্তি।

