‘আর কত নিচে নামব আমরা? আর কতদিন বাঙালি কাঁকড়া?’ দেশু লিস্টিং বিতর্কে টলিউডের প্রথম সারির প্রোডাকশন হাউজকে খোঁচা! মুখ খুললেন রানা সরকার!

টলিউডের (Tollywood) অন্যতম সফল অন-স্ক্রিন জুটি দেব (Dev Adhikari) এবং শুভশ্রী (Subhasree Ganguly) দীর্ঘ বিরতির পর আবারও নতুন ছবি নিয়ে দর্শকদের মাতাতে আসছেন। ২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন প্রজেক্ট যা দেশু সেভেন নামে পরিচিতি পেয়েছে। গত ২ জানুয়ারি দেব নিজেই সমাজমাধ্যমে এই মেগা রিলিজের ঘোষণা করে অনুরাগীদের চমকে দিয়েছেন।
যদিও ২০২৫ সালে তাঁদের পুরনো আটকে থাকা ছবি ধূমকেতু মুক্তি পেয়েছিল, কিন্তু অনুরাগীদের আক্ষেপ ছিল একটি সম্পূর্ণ নতুন গল্পের ছবিতে এই জুটিকে দেখার। শেষবার ২০১৩ সালে খোকাবাবু, খোক ৪২০-এর মতো ব্লকবাস্টার ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। দীর্ঘ ১২ বছর পর আবার নতুন উদ্যমে জুটি বাঁধছেন তাঁরা। কিন্তু সেই ছবির অগ্রিম টিকিট বিক্রি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আসন্ন ছবি DeSu7-এর অগ্রিম টিকিট বিক্রি এবং লিস্টিং নিয়ে তৈরি হয়েছে এক চরম জটিলতা। রানা সরকারের দাবি অনুযায়ী, বাংলার একটি ‘প্রথম সারির প্রোডাকশন হাউস’ এই ছবির অনলাইন লিস্টিং নিয়ে আপত্তি জানিয়েছে। যার ফলে ছবিটির প্রচার এবং দর্শকদের কাছে পৌঁছানোর প্রাথমিক ধাপেই বাধার সৃষ্টি হয়েছে।
রানা সরকার নিজের পোস্টে লিখেছেন, ‘Bookmyshow তে #DeSu7-এর page creation and listing নিয়ে আপত্তি জানিয়েছে বাংলার প্রথম সারির এক প্রোডাকশন হাউস…আর কত নিচে নামবো আমরা? আর কতদিন বাঙালি কাঁকড়া?’ নিজের এই পোস্টে ক্ষোভ উগরে দিয়ে রানা সরকার প্রশ্ন তুলেছেন বাঙালির মানসিকতা নিয়ে। তিনি টলিউডের অভ্যন্তরীণ রাজনীতির দিকেই আঙুল তুলেছেন। যখন একজন বাঙালি পরিচালক বা প্রযোজক নতুন কিছু করার চেষ্টা করছেন, তখন অন্য এক প্রভাবশালী গোষ্ঠী তাকে সাহায্য করার বদলে টেনে নিচে নামানোর চেষ্টা করছে—এমনটাই তাঁর অভিযোগ।
আরও পড়ুনঃ সেন্সর হওয়ার আগেই বিক্রি হচ্ছে টিকিট! বিপাকে ‘দেশু৭’! আইনি জটে দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন! দেবের বিরুদ্ধে মামলা দায়ের!
টলিউডে এই ‘পাওয়ার গেম’ বা আধিপত্যের লড়াই নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে হল পাওয়া বা ছবির লিস্টিং নিয়ে বড় প্রোডাকশন হাউসের বিরুদ্ধে ছোট বা স্বতন্ত্র নির্মাতারা সরব হয়েছেন। রানা সরকারের এই পোস্টটি সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছে সিনেমা মহল। কিন্তু প্রথম সারির কোন প্রযোজক সংস্থা এই আপত্তি জানিয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি বা রানা সরকার নিজের পোস্টে সেরকম কোন নাম উল্লেখ করেননি।

