‘শিল্পীর ম’রদেহর সামনে হ্যাংলা মতন…’ ‘শেষ যাত্রা নাকি সার্কাস?…ঘেন্নায় বেরোলাম না!’ চরম অব্যবস্থা দেখে বিস্ফোরক মীর আফসার আলী!

রবিবার বিকেলে আচমকা ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা বাংলা বিনোদন জগতকে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। তালসারির সমুদ্রতটে শ্যুটিং চলাকালীন কীভাবে তিনি জলে তলিয়ে গেলেন, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রত্যক্ষদর্শীদের বয়ান, ইউনিটের বক্তব্য এবং উদ্ধার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা। ময়নাতদন্ত সম্পন্ন হলেও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও সামনে আসেনি, তবে প্রাথমিক তথ্যেই স্পষ্ট হয়েছে মৃত্যুর ভয়াবহতা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে তলিয়ে যাওয়ার ফলে রাহুলের ফুসফুস সম্পূর্ণভাবে নোনাজলে ভরে গিয়েছিল। শুধু জলই নয়, বালিও ঢুকে পড়েছিল শরীরে। ফলে শ্বাসরোধ হয়ে যায় এবং ধীরে ধীরে হৃদস্পন্দন থেমে যায় অভিনেতার। এই তথ্য সামনে আসতেই আরও গভীর হয়েছে উদ্বেগ এবং প্রশ্ন। কতক্ষণ তিনি জলের তলায় ছিলেন, সময়মতো চিকিৎসা পেলে কি তাঁকে বাঁচানো যেত, সেই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
অন্যদিকে, রাহুলের নিথর দেহ বিজয়গড়ের বাড়িতে পৌঁছতেই ভেঙে পড়েন তাঁর অনুরাগী এবং সহকর্মীরা। শেষবারের মতো প্রিয় অভিনেতাকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। তবে সেই ভিড় এবং পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও সঞ্চালক মীর আফসার আলি। তিনি সরাসরি জানিয়েছেন, এই পরিবেশে গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মন চায়নি। বরং পুরো পরিস্থিতিকে তিনি তুলনা করেছেন এক ধরনের সার্কাসের সঙ্গে, যেখানে প্রকৃত শোকের জায়গা দখল করে নিয়েছে প্রদর্শন।
মীর তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একজন গুণী মানুষের মৃত্যুর পর যেভাবে রাজনৈতিক উপস্থিতি এবং কিছু মানুষের আচরণ সামনে এসেছে, তা অত্যন্ত হতাশাজনক। তাঁর কথায়, অনেকেই যেন এই পরিস্থিতিকেও নিজেদের মতো করে ব্যবহার করতে ব্যস্ত। পাশাপাশি কিছু মানুষের মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, যারা রাহুলের অভিনয় নিয়ে হঠাৎ করে বিশেষজ্ঞ মতামত দিতে শুরু করেছেন। এই সবকিছুই তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ একদিকে নিশার টাকার হাতছানি, অন্যদিকে উজির রাজ্যকে দুর্নীতিমুক্ত করার শপথ! প্রকাশ্যে জোয়ার ভাঁটা ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এখন শুধু শোকের খবর নয়, তা হয়ে উঠেছে এক গভীর প্রশ্নের কেন্দ্রবিন্দু। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, কেন যথাযথ নিরাপত্তা ছিল না, আর কেন এত বিভ্রান্তিকর তথ্য সামনে আসছে, তার উত্তর খুঁজছে সবাই। একজন প্রতিভাবান অভিনেতার এই অকাল প্রস্থান শুধু তাঁর পরিবারের নয়, বাংলা বিনোদন জগতেরও অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

