‘অনেকেই জানেন আমি অভিনয়টা পারি, তবু কাজ দেন না’, টলিউডের কোন ‘নোংরা’ রাজনীতির শিকার শ্রীলেখা মিত্র? মুখ খুললেন অভিনেত্রী!

টলিউডের (Tollywood) অন্যতম স্পষ্টবক্তা এবং শক্তিশালী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) আবারও খবরের শিরোনামে। সম্প্রতি তাঁর পরিচালিত নতুন মিউজিক ভিডিও ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’ মুক্তি পেয়েছে। এই উপলক্ষে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের সমীকরণ থেকে শুরু করে টলিউডের ভেতরের রাজনীতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
শ্রীলেখার কথায়, তাঁর জীবন মানেই নিজের শর্তে পথ চলা। দীর্ঘদিনের দাম্পত্য ভাঙলেও প্রাক্তন স্বামী শিলাদিত্যর সঙ্গে তাঁর সম্পর্ক আজও অত্যন্ত সহজ ও সুন্দর। তিনি জানান, মতের অমিল হওয়ায় তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিকই, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা হারাননি। তাঁদের একমাত্র সন্তানকেও তাঁরা দুজনে মিলে যথেষ্ট সুন্দর পরিবেশে বড় করে তুলছেন। বিচ্ছেদের মানেই যে তিক্ততা নয়, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
কেরিয়ার প্রসঙ্গে আক্ষেপের সুর শোনা গেল অভিনেত্রীর গলায়। তাঁর মতে, একজন দক্ষ অভিনেত্রী হিসেবে টলিউড তাঁকে যেভাবে ব্যবহার করতে পারত, তা করা হয়নি। তিনি বলেন, “অনেকেই জানেন আমি অভিনয়টা পারি, কিন্তু তবুও কাজ দিতে চান না।” তবে কাজের অভাব তাঁর জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলতে পারেনি। অভিনেত্রী জানান, রিয়ালিটি শো থেকে উপার্জিত অর্থ তিনি বুদ্ধিদীপ্তভাবে বিনিয়োগ করেছেন, যার ফলে আজ তিনি আর্থিক ও মানসিক দিক থেকে স্বাধীন। কোনো কিছুর কাছে মাথা নত না করে নিজের পায়ের তলার জমি তিনি নিজেই তৈরি করেছেন।
বর্তমান সময়ে বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক নিয়েও খোলামেলা কথা বলেন শ্রীলেখা। বামপন্থী আদর্শে বিশ্বাসী এই অভিনেত্রী সাফ জানান, কেবল চেনা মুখ বলে টিকিট পাওয়ার পক্ষপাতী তিনি নন। তাঁর মতে, রাজনীতিতে যোগ্যতার প্রয়োজন অনেক বেশি। অভিনেতা-অভিনেত্রীদের সংসদ বা বিধানসভায় যাওয়ার চেয়ে নিজের কাজে বেশি মনোযোগী হওয়া উচিত বলে তিনি মনে করেন। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, কেবল গ্ল্যামার দেখে নয়, বরং মানুষের বিপদে যাঁদের পাশে পাওয়া যায়, তাঁদেরই ভোট দেওয়া উচিত।
আরও পড়ুনঃ ‘রাজনীতিতে কোন প্রতিবাদ হয় না, যেটা হয় সবটাই নাটক…’ দেব, কোয়েল, শ্রাবন্তীর নাম না করেই কটাক্ষ ছুড়ে দিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র!
পরিচালনার পাশাপাশি নিজের লেখালেখি এবং সৃষ্টিশীল কাজ চালিয়ে যেতে চান শ্রীলেখা। বড় পর্দায় ছবি পরিচালনার পরিকল্পনা থাকলেও বর্তমানে প্রযোজকের অভাব একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে হার মানতে রাজি নন তিনি। বিপাশার কণ্ঠে তাঁর নতুন মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস। প্রেম, বিরহ আর জীবনবোধের এক অনন্য মিশেল উঠে এসেছে এই সাত মিনিটের মিউজিক ভিডিওটিতে।

