‘মানুষ তার মনুষ্যত্ব হারিয়েছে, ওই বাচ্চা শিশুটাকে…’- কোন ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়লেন মিমি চক্রবর্তী?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁর সরল ও স্পষ্টবাদী চরিত্রের জন্য পরিচিত। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সমাজের নানা ঘটনা নিয়ে তিনি সোচ্চার হন। কখনও পরিবেশ, কখনও পথপ্রাণী, আবার কখনও নাগরিক দায়িত্ব—সব ক্ষেত্রেই নিজের মতামত খোলাখুলি তুলে ধরেন। এবারও তার ব্যতিক্রম হল না। ইনস্টাগ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে সরব হয়ে লিখলেন, “মানুষ মনুষ্যত্ব হারিয়েছে, পশুরা তা নিজের করে নিয়েছে।”
ঘটনাটি পশ্চিমবঙ্গের নবদ্বীপে। রেলওয়ে শ্রমিক কলোনির কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এক নবজাতক শিশু। শীতের রাতে খোলা আকাশের নিচে খালি গায়ে পড়ে থাকা সেই শিশুটিকে ঘিরে রাতভর পাহারা দেয় কয়েকটি পথ কুকুর। কেউ যাতে তার ক্ষতি করতে না পারে, তাই নিজের মতো করে শিশুটিকে রক্ষা করে তারা। স্থানীয় বাসিন্দারা সকালে দৃশ্যটি দেখে হতবাক হয়ে পুলিশকে খবর দেন। তাদের দাবি, ঠান্ডা রাতে যদি ওই কুকুরগুলি শিশুটিকে আগলে না রাখত, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
এই ঘটনার স্ক্রিনশট শেয়ার করে মিমির ক্ষোভ যেন আর চেপে রাখা যাচ্ছে না। স্টোরিতে তিনি লিখলেন, “মানুষ যেখানে মানুষকে ফেলে যায়, সেখানে পশুরা তাকে আগলে রাখে। সত্যিই কি আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি?” তাঁর কথায় স্পষ্ট, সমাজের এই নিষ্ঠুরতার সামনে পথপ্রাণীরাও যেন মানবিকতার উজ্জ্বল উদাহরণ।
সম্প্রতি আরেক ঘটনায়ও সরব হয়েছিলেন অভিনেত্রী। কলকাতার মা ফ্লাইওভারের দেওয়ালে পানের পিকের লাল দাগ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে লিখেছিলেন, “প্রশাসনকে দোষ দেওয়া সহজ, কিন্তু নাগরিক হিসেবে নিজের দায়িত্ব কি আমরা পালন করছি? শহর আমাদের গর্ব, তাহলে কেন তার যত্ন নেব না?” মিমির মতে, ছোট পরিবর্তনগুলোই বড় পরিবর্তনের পথে নিয়ে যায়।
আরও পড়ুনঃ *এইবার বড় পর্দায় অভিকা মালাকার! ‘হোক কলরব’-এ নতুন রূপে দেখা মিলবে অভিনেত্রীর! কোন চরিত্রে দেখা যাবে তাকে?
নিজের কাজ, পরিবার, আর পোষ্যদের নিয়ে মিমির জীবন রঙিন হলেও সমাজ নিয়ে তাঁর উদ্বেগ প্রতিদিন আরও স্পষ্ট হচ্ছে। নবদ্বীপের ঘটনা আবারও প্রমাণ করল, তিনি শুধু অভিনেত্রী নন, সমাজ সচেতন এক নাগরিকও। তাঁর কণ্ঠে যে প্রশ্ন—মানুষ কি সত্যিই মনুষ্যত্ব হারাচ্ছে?—তার উত্তর খুঁজতে হয়তো আমাদের সকলেরই নিজের দিকে একবার তাকানো উচিত।

