সংসার চালাতে একসময় বাড়ি বাড়ি বিক্রি করেছেন লজেন্স! তিনবার বিয়ে ভাঙলেও জীবনে হার মানেননি অভিনেত্রী সুদীপা বসু!

টলিউডের (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ সুদীপা বসু (Sudipa Basu)। রুপোলি পর্দায় তাঁর বলিষ্ঠ অভিনয় বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে রয়েছে এক কঠিন জীবনসংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের গভীর ক্ষত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে উঠে এসেছে অভিনেত্রীর সেই অজানা লড়াইয়ের কাহিনি, যা শুনে অবাক হয়েছেন অনেকেই।

সংগ্রামের শুরুটা হয়েছিল অভিনেত্রীর শৈশব থেকেই। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে সুদীপার মা তাঁর তিন বোনকে নিয়ে অথৈ জলে পড়েছিলেন। সংসার চালাতে এবং পেটের তাগিদে একসময় মায়ের সঙ্গে পথে পথে ঘুরে বাড়ি বাড়ি লজেন্স ও বিস্কুট বিক্রি করতে হয়েছে সুদীপাকে। দারিদ্র্যের সেই দিনগুলোতে পাড়ার থিয়েটারে অভিনয় এবং নাচের প্রতি তাঁর ভালোবাসা ছিল বেঁচে থাকার রসদ। ২০০৬ সালে মাকে হারানোর পর কাঁধে চেপেছিল সংসারের পুরো দায়িত্ব, যা তাঁকে আরও শক্ত করে তোলে।

অভিনয় জগতে সুদীপা বসুর হাতেখড়ি হয়েছিল পরিচালক অঞ্জন দত্তের হাত ধরে। তাঁর প্রথম সিরিয়াল ছিল ‘এবার জমবে মজা’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’ বা ‘দুর্গা’-র মতো সুপারহিট ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি দেখিয়েছেন তাঁর মুনশিয়ানা। ‘মহালয়া’, ‘বাই বাই ব্যাংকক’ এবং ‘আবার ব্যোমকেশ’-এর মতো ছবিতে তাঁর কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

পেশাগত জীবনে আকাশছোঁয়া সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে বারবার হোঁচট খেয়েছেন সুদীপা। তাঁর জীবনে বসন্ত এসেছিল তিনবার, কিন্তু স্থায়িত্ব পায়নি একটিও। প্রথমবার সহশিল্পী শৈবাল বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা চন্দন সেনকে। বন্ধুত্ব গভীর হলেও দাম্পত্যের টানাপোড়েনে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। অভিনেত্রী হিসেবে যতটা সমাদৃত হয়েছেন, ব্যক্তিগত জীবনে একাকীত্ব যেন ছিল তাঁর চিরসঙ্গী।

আরও পড়ুনঃ ‘আগে তো জিতুক, তারপরে কাজ দেখাক’ ‘কাজ না দেখালে কাউকে ভালো বলা মুশকিল…’ রাজনীতিতে তারকাদের প্রবেশ নিয়ে মুখ খুললেন দেবিকা মুখোপাধ্যায়! কোয়েল মল্লিককে নিয়ে কি বললেন পর্দার “ছোটবউ”?

সবচেয়ে বড় ত্যাগ তিনি করেছিলেন তাঁর তৃতীয় বিয়ের সময়। তাঁর হবু স্বামীর শর্ত ছিল, বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাতে হবে। ভালোবাসার টানে এক লহমায় আটটি মেগা সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিলেন সুদীপা। বহু বছর অভিনয় থেকে দূরে থাকলেও শেষ রক্ষা হয়নি, ভেঙে যায় সেই সম্পর্কও। বর্তমানে সমস্ত স্মৃতিকে সঙ্গী করে একাই জীবনযাপন করছেন টলিউডের এই লড়াকু অভিনেত্রী।

Back to top button