পূর্ব মেদিনীপুরে মঞ্চে গান গাইতে গিয়ে হেনস্থা গায়িকা লগ্নজিতা চক্রবর্তী! অভিযুক্তকে ধরতে তৎপর পুলিশ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চরম অপমান ও হেনস্থার শিকার হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার মাঝেই দর্শকাসন থেকে উঠে এসে এক ব্যক্তি তাঁকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শিল্পী। ঘটনার পর রাতেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং গোটা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন লগ্নজিতা। শিল্পীর কথায়, অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায় এবং প্রথম ৪৫ মিনিট সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবেই চলে। একের পর এক গান গেয়ে দর্শকদের মন জয় করেন তিনি। এমনকি প্রথম কয়েকটি গানের পর মঞ্চেই তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে স্বাভাবিক কথোপকথনের সময়ই আচমকা পরিস্থিতি বদলে যায়।

লগ্নজিতার অভিযোগ, দেবী চৌধুরাণী ছবির জাগো মা গানটি গাওয়ার কিছুক্ষণ পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং শিল্পীর দিকে তেড়ে যান। চিৎকার করে তিনি বলেন অনেক জাগো মা হয়েছে এবার সেকুলার গান গাইতে হবে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে উপস্থিত দর্শক ও আয়োজকেরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।

এই অপ্রত্যাশিত ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন লগ্নজিতা। তিনি সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করেন। পরে এক লিখিত বার্তায় শিল্পী জানান, একজন শিল্পীর সঙ্গে এই ধরনের আচরণ শুধু অপমানজনক নয় বরং ভয়ংকরও। রাতেই তিনি ভগবানপুর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান। পুলিশের পরামর্শে একটি জেনারেল ডায়েরি করা হয় এবং বিষয়টি নথিভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ ছোট পর্দাকে বিদায় জানালেন গৌরব রায়চৌধুরী? টেলিভিশন থেকে কেনো সরে গেলেন অভিনেতা?

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। রাতভর তল্লাশি চালানো হলেও এখনও তাকে ধরা যায়নি। তবে পুলিশ আশ্বাস দিয়েছে যে খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে। পাশাপাশি শিল্পীর নিরাপত্তা ও এই ঘটনায় কোনও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনও শিল্পী এমন পরিস্থিতির মুখে না পড়েন সেই ব্যবস্থাও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Back to top button