বড়দিনে পরিবারকে নিয়ে মেতে উঠলেন কোয়েল মল্লিক! সান্তার টুপি পরে হাজির রঞ্জিত মল্লিক! অভিনেত্রীর জীবনে সিক্রেট সান্তা কে?

ক্রিসমাস মানেই আনন্দ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। সেই মুহূর্তকে আরও রঙিন করে তুললেন টলিউড কুইন কোয়েল মল্লিক। দুই সন্তান কবীর ও কাব্যকে নিয়ে এবারের ক্রিসমাসে পুরো পরিবারকে সঙ্গে রেখেই উদযাপনে মাতলেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাগ করে নেন অভিনেত্রী, যেখানে ধরা পড়ে খুশির পারিবারিক ছবি।

ভিডিওর শুরুতেই ক্রিসমাসের সাজে নজর কাড়েন কোয়েল নিজে। লাল রঙের গাউনে, চোখে লাল চশমা আর মাথায় সান্টা টুপি পরে হাসিমুখে ধরা দেন তিনি। টুপির সামনেই ছিল দুটি ছোট সান্টার অলংকার। কোয়েলের সাজের সঙ্গে মিল রেখেই ছোট্ট কবীর লাল টি শার্ট ও ট্রাউজারে সেজে ওঠে। চোখে সান্টা চশমা আর শার্টের পকেটে সুতো দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি ছিল বিশেষ আকর্ষণ।

দাদার মতোই একই রঙের পোশাকে সেজে ওঠে খুদে কাব্য। মাথায় মিষ্টি একটি হেয়ার ব্যান্ড তার সাজকে আরও সুন্দর করে তোলে। তবে সবচেয়ে নজর কাড়ে দুই খুদের পোশাকের পিছনের দিকটি। সাদা রঙের সুতো দিয়ে সুন্দর করে লেখা ছিল কবীর ও কাব্যের নাম। এই ছোট্ট ডিটেলই নেটপাড়ায় প্রশংসা কুড়িয়েছে।

ভিডিওতে দেখা মেলে দাদু রঞ্জিত মল্লিক ও দিদা দীপা মল্লিককেও। রঞ্জিত মল্লিক পরেছিলেন হলুদ পাঞ্জাবি আর মাথায় ছিল সান্টা টুপি। দীপা মল্লিকের পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের টপ ও কালো জিন্স। পুরো পরিবার মিলিয়ে যেন উৎসবের রঙে ভরে উঠেছিল ঘর। হাসি আর আনন্দে ভরপুর এই মুহূর্ত মন ছুঁয়ে যায় দর্শকদের।

আরও পড়ুনঃ ‘বুড়োটাকে ক্ষমা করবেন…’- শুভশ্রীর অভিনয়ে আবেগাপ্লুত কবীর সুমন! মেয়ের বয়সী অভিনেত্রীর থেকে কেন ক্ষমা চাইলেন বর্ষীয়ান গায়ক?

প্রসঙ্গত, দুই হাজার তেরো সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। বর্তমানে কবীর সাড়ে পাঁচ বছরের আর কাব্য মাত্র এক বছরের। সংসার ও কাজ সামলেই এগোচ্ছেন কোয়েল। দুই হাজার পঁচিশ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় রয়েছে স্বার্থপর এবং এক খুনীর সন্ধানে মিতিন মাসি, যা বড়দিনে মুক্তি পেয়ে দর্শকের নজর কেড়েছে।

Back to top button